মাদারীপুরে নারিকেল গাছের চূড়ায় মাঝরাতে ফারহান তালুকদার(১৮) নামে এক কলেজ পড়ুয়া তরুণের কাণ্ড দেখে হতবাক হয়েছেন এলাকাবাসী। ওই তরুণ ডাসার উপজেলার কাজী বাকাই ইউনিয়নের সাইদুল তালুকদারের ছেলে।
সোমবার(১৩ এপ্রিল) তরুণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় কৌতুহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।
একটি ভিডিওতে দেখা যায় মাঝরাতে উঁচু নারিকেল গাছে ডগায় শুয়ে আছে এক তরুণ। এসময় ওই তরুণকে স্থানীয়রা দেখতে পেয়ে নারকেল গাছে টর্চ লাইট তাক করে গাছ দেখে নামতে বলছেন। ওই যুবক কিছু একটা বলছেন এবং মাতলামি করে আবারো নারকেল গাছের পাতার উপর শুঁয়ে পড়ছেন। অনেক চেষ্টা করেও তাকে নামাতে ব্যর্থ হন স্থানীয়রা। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রাণপণ চেষ্টা করে নারকেল গাছ থেকে তরুণকে নামাতে সক্ষম হন। এ ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ডাসার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার খোকন জমাদ্দার জানান, ফারহান তালুকদার নামে এক তরুণ নারিকেল গাছের চূড়ায় থেকে নামতে বললে ঝাপ দেয়ার হুমকি দেয় সে। পরে শান্ত হলে হলে তাকে উদ্ধার করে নিচে নামিয়ে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।
এ ব্যাপারে মাদারীপুরের ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: তরিকুল ইসলাম বলেন, মাঝরাতে এক তরুণ কেন নারকেল গাছে উঠেছিল কারণ জানা যায় নি। এ ব্যাপারে ব্যাপারে খোঁজ নেয়া হচ্ছে।



