ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে হামের উপসর্গে চার মাস ও ১০ মাস বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে।
আজ বুধবার (১৩ মে) ভোরে একজনের এবং গতকাল বিকেলে অপরজনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
হাসপাতাল সূত্র জানায়, জামালপুর সদর উপজেলা থেকে আসা এক শিশু গত সোমবার সন্ধ্যায় হাসপাতালে ভর্তি হয়। পরে মঙ্গলবার বিকেলে তার মৃত্যু হয়। অপরদিকে, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে ৫ মে ভর্তি হওয়া আরেক শিশু বুধবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করে।
বুধবার সকালে হাসপাতালের হামের ফোকাল পারসন সহযোগী অধ্যাপক ডা: মোহা: গোলাম মাওলা বিষয়টি নিশ্চিত করেছেন।
হাসপাতাল সূত্রে আরো জানা গেছে, এখনো হাম আক্রান্ত রোগীর চাপ উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৩ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১ জন। বর্তমানে হাসপাতালে মোট ৯৬ জন হাম আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা: মোহাম্মদ মাইনউদ্দিন খান জানান, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে হামের উপসর্গ নিয়ে শিশু ভর্তি শুরু হলেও মার্চের মাঝামাঝি থেকে রোগীর সংখ্যা হঠাৎ বাড়তে থাকে। পরিস্থিতি মোকাবেলায় হাসপাতালের নতুন ভবনের অষ্টম তলায় তিনটি মেডিক্যাল টিম গঠন করে হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা কার্যক্রম চালানো হচ্ছে।
হাসপাতালের তথ্য অনুযায়ী, গত ১৭ মার্চ থেকে ১৩ মে পর্যন্ত মোট এক হাজার ২৯৩ জন হাম আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এক হাজার ১৬৩ জন। একই সময়ে প্রাণ হারিয়েছেন ৩১ জন।
চিকিৎসকদের মতে, হাম অত্যন্ত সংক্রামক রোগ। শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করা এবং আক্রান্তদের দ্রুত চিকিৎসার আওতায় আনা ছাড়া এ পরিস্থিতি নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়বে।



