ময়মনসিংহের গফরগাঁওয়ে কালবৈশাখি ঝড়ের শঙ্কা ও ধান কাটা শ্রমিক সঙ্কটে দরিদ্র কৃষককে ধান কেটে ঘরে তুলে দিয়েছে উপজেলা শ্রমিক দলের নেতাকর্মীরা।
মঙ্গলবার (২১ এপ্রিল) দিনব্যাপী স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চুর নির্দেশনায় শ্রমিকদল নেতাকর্মীরা কৃষকের প্রায় ১০ কাঠা জমির ধান কেটে ঘরে তুলে দেয়।
জানা যায়, গফরগাঁও উপজেলা শ্রমিক দলের সাবেক আহ্বায়ক গফুর হাসানের নেতৃত্বে ৪০ সদস্যের একটি দল কৃষকের পাশে দাঁড়িয়ে উপজেলা দত্তেরবাজার ইউনিয়নের দক্ষিণাপাড়া গ্রামের অসহায় গরীব কৃষক খলিল মিয়ার ১০ কাঠা জমির কেটে দেন। এ সময় শ্রমিকদলের ধানকাটা কর্মসূচিতে অংশ নেন পৌরসভা শ্রমিকদলের আহ্বায়ক পদপ্রার্থী নয়ন শাহসহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে নেতাকর্মীরা।
কৃষক খলিল মিয়া জানান, কালবৈশাখী ঝড়। এ কারণে শ্রমিকের অভাব। তাই পাকা ধান কাটা নিয়ে বিপাকে পড়েছেন। এ অবস্থায় শ্রমিকদলের নেতাকর্মীরা এসে তার জমির পাকা ধান কেটে ঘরে পৌঁছে দিয়েছেন।
ধান কাটা কর্মসূচি সম্পর্কে জানতে চাইলে উপজেলা শ্রমিকদলের সাবেক আহ্বায়ক গফুর হাসান বলেন, ‘দুর্যোগ-দুঃসময়ে উপজেলা বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে। এবারও কৃষকরা যখন ধান কাটা নিয়ে বিপাকে পড়েছেন তখন মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চুর আহ্বানে সাড়া দিয়ে শ্রমিকদল কৃষকের ধান কাটা কর্মসূচি শুরু করেছে। এ কর্মসূচিতে বিভিন্ন ইউনিয়নে নেতৃরা ধান কাটায় অংশ নিয়েছে।’
তিনি আরো বলেন, ‘এই কর্মসূচি উপজেলার বিভিন্ন ইউনিয়নে পালন করা হবে।’



