সিলেটে পুলিশের ভুয়া এডিসি কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৩ এপ্রিল) রাত ১০টার দিকে নগরীর দক্ষিণ সুরমা থানাধীন হুমায়ুন রশিদ চত্বর সংলগ্ন ‘দুধওয়ালা কিচেন’ রেস্টুরেন্টে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃতের নাম আশরাফুল আম্বিয়া ওরফে জায়ান আহমেদ (৩০)। তিনি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার রায়গড় গ্রামের মরহুম আব্দুল মুকিতের ছেলে। এছাড়া তিনি বিশ্বনাথ ও সিলেট নগরীর রায়নগর এলাকাতেও বসবাস করতেন বলে জানা গেছে।
এসএমপি সূত্রে জানা যায়, আটক জায়ান দীর্ঘদিন ধরে নিজেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি শাখার এডিসি পরিচয় দিয়ে সিলেট নগরীর বিভিন্ন স্থানে প্রতারণা করে আসছিলেন। ঘটনার দিন তিনি হুমায়ুন রশিদ চত্বর সংলগ্ন ‘দুধওয়ালা কিচেন’ রেস্টুরেন্টে গিয়ে চা পান করেন এবং উপস্থিত ব্যক্তিদের কাছে সিলেট মেট্রোপলিটন পুলিশের ডিবি বিভাগের ডিসির মোবাইল নম্বর জানতে চান।
এসময় সেখানে উপস্থিত সাদা পোশাকধারী পুলিশ সদস্যরা তার পরিচয় যাচাই করতে চাইলে তিনি নিজেকে ডিএমপি’র এডিসি (ডিবি) হিসেবে পরিচয় দেন। তার আচরণ সন্দেহজনক মনে হলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়।
এর প্রেক্ষিতে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর নির্দেশে দক্ষিণ সুরমা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তিনি ভুয়া পরিচয়ে প্রতারণার বিষয়টি স্বীকার করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম জানান, আটককৃত ব্যক্তিকে হেফাজতে নিয়ে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



