নোয়াখালীতে শিক্ষকের বিরুদ্ধে মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন

মানববন্ধন থেকে বক্তারা প্রধান শিক্ষকের বিরুদ্ধে ওঠা অভিযোগের সুষ্ঠু তদন্ত ও প্রকৃত সত্য উদঘাটনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

মুহাম্মদ হানিফ ভুঁইয়া, নোয়াখালী অফিস

Location :

Noakhali
সুবর্ণচর উপজেলার চরজুবলি ইউনিয়নের দারুল আরকাম ইসলামিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয় মানববন্ধন
সুবর্ণচর উপজেলার চরজুবলি ইউনিয়নের দারুল আরকাম ইসলামিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয় মানববন্ধন |নয়া দিগন্ত

নোয়াখালীর সুবর্ণচরে মো: আবুল খায়ের (৩৫) নামে এক মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে করা মামলাকে ষড়যন্ত্রমূলক দাবি করে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। মানববন্ধনে অংশ নেয় ব্যক্তিরা শিক্ষকের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারসহ সংশ্লিষ্টদের বিচারের দাবি জানান।

শনিবার (১৮ এপ্রিল) দুপুর উপজেলার চরজুবলি ইউনিয়নের দারুল আরকাম ইসলামিয়া মাদরাসা মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সমাজ বায়তুল হাবীব জামে মসজিদের সেক্রেটারি মো: জাহের হোসেন, মাদরাসার সিনিয়র শিক্ষক মুফতি মাফুজুর রহমান আল মাদানী, হেফজ বিভাগের প্রধান শিক্ষক হাফেজ শহীদ উল্যাহ প্রমুখ বক্তব্য রাখেন। মানববন্ধনে এলাকার কয়েক হাজার নারী-পুরুষ অংশ নেয়।

এসময় বক্তারা অভিযোগ করে বলেন, দারুল আরকাম ইসলামিয়া মাদরাসার মুহতামিম (প্রধান শিক্ষক) মো: আবুল খায়েরের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন ও পরিকল্পিত। তারা অভিযোগকারীকে দুষ্টু প্রকৃতির ব্যক্তি হিসেবে উল্লেখ করে বলেন, তার কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে এলাকাবাসী ক্ষুব্ধ এবং বহু পরিবার অতিষ্ঠ।

তারা বলেন, মামলার বর্ণনা মতে, ঘটনার তারিখ গত ৫ ফেব্রুয়ারি। কিন্তু মামলা করা হয়েছে ঘটনার দুই মাস ১০ দিন পর। যা ষড়যন্ত্রের ইঙ্গিত বহন করে। এ মামলাটি দায়েরের পর এলাকায় উত্তেজনা দেখা দেয় এবং গ্রামবাসী প্রতিবাদে নামে।

মানববন্ধন থেকে বক্তারা মুহতামিমের বিরুদ্ধে ওঠা অভিযোগের সুষ্ঠু তদন্ত ও প্রকৃত সত্য উদঘাটনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এদিকে, মামলার বাদি ওই মাদরাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে তার অবস্থান পুনর্ব্যক্ত করেন এবং তার নিজের বিরুদ্ধে মানববন্ধনে বক্তাদের করা অভিযোগগুলো ভিত্তিহীন বলে দাবি করেন।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানান, ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্ত শেষে মামলা নেয়া হয়েছে। বিষয়টি তদন্তাধীন আছে, তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।