আশুলিয়ায় গণধর্ষণ মামলার আসামি গ্রেফতার

গ্রেফতার মোসাদ্দেক খান আশুলিয়া থানার জামগড়া দরগারপাড় এলাকার মৃত রবিউল খানের ছেলে।

Location :

Savar

তুহিন আহামেদ, আশুলিয়া (ঢাকা)

ঢাকার আশুলিয়ায় দায়ের হওয়া একটি গণধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মোসাদ্দেক খানকে (২৫) গ্রেফতার করেছে র‍্যাব।

সোমবার (২৩ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে র‍্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর কবির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে একইদিন আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের চিনচিনা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মোসাদ্দেক খান আশুলিয়া থানার জামগড়া দরগারপাড় এলাকার মৃত রবিউল খানের ছেলে।

র‍্যাব জানায়, গত ২৪ জানুয়ারি রাত সোয়া ১২টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় একটি ভাড়া বাসায় ঘটনাটি ঘটে। অভিযুক্ত মোসাদ্দেক নিজেকে বাড়ির ম্যানেজার পরিচয় দিয়ে ভিকটিমের কক্ষের দরজায় কড়া নাড়েন। এসময় তার সঙ্গে আরও ছয়জন সহযোগী ছিল।

ভিকটিমের স্বামী সরল বিশ্বাসে দরজা খুললে অভিযুক্তরা ঘরে প্রবেশ করে এবং দম্পতিকে ভুয়া স্বামী-স্ত্রী দাবি করে কাবিননামা দেখতে চায়। একপর্যায়ে ভিকটিমের স্বামীকে জোরপূর্বক ঘরের এক পাশে আটকে রেখে ভিকটিমকে ভয়ভীতি প্রদর্শন করে পালাক্রমে ধর্ষণ করা হয়।

ঘটনার পর কাউকে জানালে হত্যার হুমকি দিয়ে ভোররাতের দিকে অভিযুক্তরা পালিয়ে যায়।

র‍্যাব-৪ জানায়, গ্রেফতার মোসাদ্দেক প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেফতারকৃত আসামিকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে ।