নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলে লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়ে ১৩ কর্ম দিবস আগেই মাড়াই বন্ধ করতে বাধ্য হলেন কর্তৃপক্ষ।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে আনুষ্ঠানিকভাবে মাড়াই কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। এর আগে গত বছরের ১০ নভেম্বর এই মিলে চলতি মৌসুমের (২০২৫-২৬) আখ মাড়াই শুরু করা হয়।
মিল সূত্র জানায়, চলতি মৌসুমে মাড়াইয়ের শুরুতে দুই লাখ মেট্রিক টন আখ মাড়াই করে ১২১ দিনে কর্মদিবসে ১৩ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। চিনি আহরণের হার ধরা হয়েছিল ৬ দশমিক ৫ ভাগ। অন্যদিকে চলতি মৌসুমে গত ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত ১০৮ কর্মদিবসে দৈনিক প্রায় এক হাজার ৬০০ মেট্রিক টন হারে মোট এক লাখ ৭২ হাজার মেট্রিক টন আখ মাড়াই করা হয়েছে। এসময় প্রায় নয় হাজার ৬০০ মেট্রিক টন চিনি উৎপাদিত হয়েছে। চিনি আহরণের হার অর্জিত হয়েছে ৫ দশমিক ৬ ভাগ।
মিলের মহাব্যবস্থাপক (কৃষি) আসহাব উদ্দিন জানান, চলতি মৌসুমে মিল এলাকায় ১৮ হাজার একর জমিতে চাষ করে দুই লাখ মেট্রিক টন আখ সরবরাহ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। এসময় প্রতি কুইন্টালে ২৫ টাকা বৃদ্ধি করে ৬০০ হতে ৬২৫ টাকা করা হয়। চলতি মৌসুমে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ১৫ হাজার আখ চাষিদের বিল পরিশোধ করা হয়। এছাড়া এই মৌসুমে চাষিদের মাঝে ১৫ কোটি টাকা বিতরণ করা হয়।



