হামের প্রাদুর্ভাব থামছে না ময়মনসিংহে। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছে আরো ২৮ শিশু। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৮৪ জন।
রোববার দুপুরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের হাম মেডিক্যাল টিমের ফোকাল পারসন সহযোগী অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গত ২১ এপ্রিল ত্রিশাল থেকে হামের উপসর্গ ও নিউমোনিয়ায় আক্রান্ত সাড়ে তিন বছরের এক শিশু মেয়েকে ভর্তি করা হয়। এর আগে, শনিবার দুপুর আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় দিকে সে মারা যায়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১৭ মার্চ থেকে ২৬ এপ্রিল সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৮৫৬ শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে ৭৫৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে আরো ৩৩ জন।
হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান জানান, নতুন ভবনের অষ্টম তলায় স্থাপিত হাম আইসোলেশন ওয়ার্ডে তিনটি মেডিক্যাল টিম সার্বক্ষণিক চিকিৎসাসেবা দিচ্ছে। চিকিৎসক ও নার্সরা আন্তরিকতার সাথে আক্রান্ত শিশুদের সেবা দিয়ে যাচ্ছেন।



