নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অভিযান চালিয়ে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদফতর। এ সময় নিষিদ্ধ মাছ বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
রোববার (১০ মে) বিকেলে উপজেলার কাঁচপুর মাছ বাজারে এ যৌথ অভিযান চালায়।
অভিযানে ৮ কেজি ৮০০ গ্রাম পিরানহা মাছ জব্দ করা হয়। একই সাথে মাছ বিক্রি ও মজুদ রাখার দায়ে সোহেল নামে এক ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে নেতৃত্ব দেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান। এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কাঁচপুর মাছ বাজারে গোপনে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির অভিযোগ ছিল। গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে বাজারে অভিযান চালিয়ে মাছগুলো জব্দ করা হয়।
সোনারগাঁও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার বলেন, ‘মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী অভিযান পরিচালনা করা হয়েছে। নিষিদ্ধ মাছ বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।’
সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান বলেন, ‘পিরানহা মাছের চাষ ও বাজারজাতকরণ সরকারিভাবে নিষিদ্ধ। মাছটি দেখতে রুপচাঁদা মাছের মতো হওয়ায় কিছু অসাধু ব্যবসায়ী সাধারণ ক্রেতাদের বিভ্রান্ত করে বিক্রি করে থাকে।’
তিনি আরো বলেন, ‘জব্দ করা মাছ বিধি অনুযায়ী ধ্বংস করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’



