বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেছেন, ‘শ্রমিকদের বাদ দিয়ে উন্নয়ন সম্ভব নয়। দেশের অর্থনীতি ও উন্নয়নের মূল ভীত শ্রমিকরা। তাদের অধিকার নিশ্চিত না হলে কোনো পরিকল্পনা কার্যকর হবে না।’
শুক্রবার দুপুরে ফেনীতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সদস্যদের নিয়ে আয়োজিত শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় এসে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড দিয়েছে। এসব কার্ড দরিদ্রদের পাওয়ার কথা, কিন্তু বাস্তবে কারা পাচ্ছেন তা সবাই দেখছে। সাত কোটির বেশি শ্রমিক রয়েছে দেশে। তাদের দিয়েই দেশ চলছে। দেশের ভোটারের ৬০ শতাংশ শ্রমিক। তাদের আদর্শের পথে আনতে হবে। নতুবা আমাদের মিছিল বা পরিকল্পনা কাজে আসবে না।’
আতিকুর রহমান আরো বলেন, ‘শ্রমিকরা দীর্ঘদিন শোষণ-জুলুমের শিকার। তাদের মনোজগতে পরিবর্তন এসেছে। যত বেশি পরিবর্তন হবে, তত বেশি ইসলামী আন্দোলন প্রতিষ্ঠার দিকে এগিয়ে যাবে। সমাজতন্ত্র শ্রমিকের ভাগ্য পরিবর্তন করতে পারেনি। ইসলামী শ্রমনীতিই তাদের প্রকৃত ভাগ্য পরিবর্তন করতে পারে।’
তিনি শ্রমিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘চাঁদাবাজিমুক্ত থেকে নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। শ্রমিকদের বাদ দিয়ে কোনো উন্নয়ন টেকসই হবে না।’
শিক্ষাশিবিরে ফেডারেশনের জেলা সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ফারুক আহমাদ ভূঞা আজাদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি মজিবুর রহমান ভূঞা, সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি লুৎফুর রহমান এবং জামায়াতের জেলা আমির মুফতি আবদুল হান্নান।
এ সময় দারুসুল কুরআন পেশ করেন মুফতি ফারুক আহমাদ।
জেলা সেক্রেটারি আবদুল মতিন ভূঞার পরিচালনায় আরো বক্তব্য রাখেন জামায়াতের জেলা নায়েবে আমির অধ্যাপক আবু ইউসুফ প্রমুখ।
আতিকুর রহমান বলেন, ‘দুই মাসেই একটি সরকার মানুষের মন থেকে উঠে গেছে। পাঁচ বছর থাকলে মানুষ তাদের সমর্থন পাল্টে দেবে। জনগণের প্রত্যাশিত পরিবর্তন আনতে আমাদের আরো শক্তিশালী হতে হবে। শ্রমিকদের অধিকার আদায়ে সোচ্চার থাকতে হবে।’



