ফেনীর সোনাগাজী উপজেলার ঐতিহ্যবাহী কুঠির হাট বাজার বণিক সমিতির সভাপতি ও ব্যবসায়ী নূর মোহাম্মদ প্রকাশ আকাশের ওপর সন্ত্রাসী হামলা ও চাঁদাবাজির ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ব্যবসায়ী নেতা নূর মোহাম্মদ।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে কুঠির হাট বাজারে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তিনি ওই অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নূর মোহাম্মদ জানান, গত ২৬ এপ্রিল রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে কুঠির হাট বাজারে অবস্থিত তার ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স রাফি হার্ডওয়্যারে একদল সন্ত্রাসী অতর্কিত হামলা চালায়।
তিনি অভিযোগ করেন, স্থানীয় নূর আলম (৪৭) ও নুরুল আফছারের (৩০) নেতৃত্বে ৬–৭ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে দোকানে ঢুকে তাকে মারধর করে এবং দোকানের আসবাবপত্র ভাঙচুর করেন।
তিনি আরো জানান, নূর আলম দীর্ঘদিন ধরে তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় তাকে বিভিন্ন সময় প্রাণনাশের হুমকিও দেয়া হয়। ঘটনার দিনও চাঁদা দাবি করলে তিনি অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে হামলাকারীরা তাকে বেধড়ক মারধর করে আহত করে এবং মালামাল নষ্ট করে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটায়।
নূর মোহাম্মদের দাবি, হামলাকারীরা তাকে জোরপূর্বক তুলে নেয়ার চেষ্টা করে। এ সময় আশপাশের ব্যবসায়ী ও বাজারের লোকজন এগিয়ে এলে তারা তাকে ও তার পরিবারকে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় তিনি সোনাগাজী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানান। তবে অভিযুক্তরা এলাকায় প্রভাবশালী হওয়ায় তিনি ও তার পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে উল্লেখ করেন। একই সাথে বাজারের সাধারণ ব্যবসায়ীদের মধ্যেও আতঙ্ক বিরাজ করছে।
সোনাগাজী মডেল থানার ওসি শফিকুর রহমান জানান, এ বিষয়ে আমরা একটি অভিযোগ পেয়েছি। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
সাংবাদিক সম্মেলনে কুঠির হাট বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন, সহ-সভাপতি সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।



