জামিন পেলেন সহকারী শিক্ষক কাউসার আহমেদ

নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলার রাজিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির এক শিক্ষার্থীকে শাসনের অভিযোগে গ্রেফতারকৃত সহকারী শিক্ষক কাউসার আহমেদের জামিন হয়েছে।

জামিন পেলেন সহকারী শিক্ষক কাউসার আহমেদ
জামিন পেলেন সহকারী শিক্ষক কাউসার আহমেদ |নয়া দিগন্ত

খালিয়াজুড়ি (নেত্রকোনা) সংবাদদাতা

নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলার রাজিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির এক শিক্ষার্থীকে শাসনের অভিযোগে গ্রেফতারকৃত সহকারী শিক্ষক কাউসার আহমেদের জামিন হয়েছে।

জানা যায়, গত ১১ মে ২০২৬, সোমবার দুপুর আনুমানিক ১২:৩০ মিনিটে খালিয়াজুড়ি উপজেলার রাজিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির সিপাত ও মুগ্ধ নামের দুই শিক্ষার্থীর মাঝে দুষ্টুমি করার সময় সিপাত আঘাতপ্রাপ্ত হয়। সে ব্যথায় চিৎকার করে সহকারী শিক্ষক কাউসার আহমেদের কাছে মুগ্ধের বিরুদ্ধে বিচার দাবি করে।

তৎক্ষণাৎ কাউসার আহমেদ মুগ্ধকে ডেকে শাসনের উদ্দেশ্যে হাতে থাকা ছোট একটি পানির বোতল দিয়ে আঘাত করতে গেলে ভুলবশত সেটি মুগ্ধের মাথায় লাগে। এতে সে সামান্য আঘাত পেয়েছে বলে শিক্ষক ধারণা করেছিলেন।

অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম মৌলা জানান, মুগ্ধ ওই দিন দুপুর ১:০০ টায় প্রথম সাময়িক পরীক্ষায় অংশ নেয় এবং পরীক্ষা শেষে খাতা জমা দিয়ে বিকেল ৩:০০ টায় সুস্থভাবে বাড়ি চলে যায়। পরদিন ১২ মে সে স্কুলে না এসে তার মামার সাথে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য যায়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে তার বাবা মোঃ হানিফ মিয়া পুলিশকে জানান।

মুগ্ধের পিতামাতা ঢাকায় চাকরি করেন। তাঁরা বাড়িতে না থাকার সুবাদে মুগ্ধের মামা বাদী হয়ে শিক্ষক কাউসার আহমেদকে আসামি করে খালিয়াজুড়ি থানায় শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন।

খালিয়াজুড়ি থানার এসআই আব্দুল ওয়াদুদ জানান, গত ১৪ মে সহকারী শিক্ষক কাউসার আহমেদ লেপশিয়া গ্রামে যাওয়ার পথে রাস্তা থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। খালিয়াজুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাসির উদ্দিন জানান, সহকারী শিক্ষক কাউসার আহমেদকে শিশু নির্যাতন মামলায় আটক করে যথাযথ পুলিশ পাহারায় ১৫ মে, শুক্রবার নেত্রকোনা জেলা আদালতে প্রেরণ করা হয়।

শিক্ষক কাউসার আহমেদের বাবা আব্দুল মান্নাফ জানান, ১৫ মে শুক্রবার বেলা ৩:৩০ মিনিটে নেত্রকোনা জেলা জজ কোর্টের স্পেশাল আদালতে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক এবং সিনিয়র আইনজীবী মোহাম্মদ আবুল বাসারের মাধ্যমে জামিন আবেদন করলে বিজ্ঞ বিচারক তার জামিন মঞ্জুর করেন।

এ সময় খালিয়াজুড়ি উপজেলার বিএনপি নেতা মোঃ জজ মিয়া তালুকদার, মোঃ জুয়েল চৌধুরী, সাতগাঁও এমবিপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত ভৌমিক, সাতগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শফিকুল ইসলাম পাঠান, প্রধান শিক্ষক দেবল চন্দ্র সরকার, রাকেশ চন্দ্র সরকার, খালিয়াজুড়ি উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক মোহাম্মদ হাবিবুল্লাহসহ তার আত্মীয়-স্বজন ও এলাকার শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

জামিনে মুক্তি পেয়ে সহকারী শিক্ষক কাউসার আহমেদ মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। এই ঘটনাকে জীবনের চরম বিপদ উল্লেখ করে যারা তাকে সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। ভবিষ্যতে মিথ্যা তথ্য দিয়ে কোনো শিক্ষককে যেন হয়রানি করা না হয়, সেজন্য তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।