কক্সবাজারের চকরিয়ায় সুষ্ঠু বাজার মনিটরিং না থাকায় অসাধু ব্যবসায়ীরা ইচ্ছামতো মূল্য বৃদ্ধি করে নিত্যপণ্য বিক্রি করছেন। রমজানের শুরুতেই বিক্রেতারা বিভিন্ন পণ্যের দাম দ্বিগুণ বৃদ্ধি করেছেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে বাজার পরিদর্শনকালে এ চিত্র পরিলক্ষিত হয়।
চকরিয়া উপজেলার বিভিন্ন বাজার পরিদর্শনকালে দেখা যায়, বাজারে পণ্যের কোনো সঙ্কট না থাকলেও অতিরিক্ত মুনাফা লাভের আশায় অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে এ মূল্য বৃদ্ধি করেছেন। যার ফলে এলাকার নিম্ন ও মধ্যবিত্ত রোজাদার পরিবারগুলো অসহায় হয়ে পড়েছেন।
বর্তমানে বাজার কাঁচা মরিচ, খিরা, রসুন, মুরগি, লেবু, গরু ও ছাগলের মাংসসহ শাকসবজি থেকে শুরু করে দুধ ও বিভিন্ন সামুদ্রিক মাছের দামও বৃদ্ধি পেয়েছে। আবার কিছু কিছু পণ্যের মূল্য এখনো স্থিতিশীল রয়েছে।
বাজারের এক ব্যবসায়ীর সাথে আলাপকালে তিনি জানান, বাজারে পর্যাপ্ত পরিমাণে নিত্যপণ্য মজুদ রয়েছে। আপাতত কোনো সঙ্কট নেই। এরপরেও মূল্য বৃদ্ধির কারণ অনেক ক্ষেত্রে সিন্ডিকেটরাই দায়ী। তারা বিভিন্ন জায়গা থেকে রমজানকে সামনে রেখে পর্যাপ্ত পরিমাণে নিত্যপণ্য মজুদ করেন, যাতে রমজানের শুরুতে মূল্য বৃদ্ধি করে বিক্রি করতে পারেন।
তিনি আরো জানান, গত বছরের রমজানে নিত্যপণ্যের মূল্য তেমন বৃদ্ধি না পেলেও এবার রমজানের শুরুতে মূল্য বৃদ্ধির প্রতিযোগিতায় নেমেছেন ব্যবসায়ীরা।
স্থানীয় জনসাধারণ ও ক্রেতারা জানায়, ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে অতি মুনাফা লাভের আশায় অতিরিক্ত মূল্য আদায় করছেন। তারা সঙ্ঘবদ্ধ হওয়ায় অনেকে তাদের ভয়ে মুখ খুলতে চায় না।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহীন দেলোয়ার জানান, প্রতিনিয়ত এ বাজার পরিদর্শন করা হচ্ছে, যাতে ওজনে কম ও অতিরিক্ত মূল্য আদায় করতে না পারে। এর জন্য মূল্য তালিকাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে এবং এ মনিটরিং অব্যাহত থাকবে।



