কুমিল্লার হোমনায় ঘরের ভেতরে প্রবাসীর স্ত্রী-সন্তান ও তার ভাইয়ের সন্তানসহ ৩ জনকে গলা কেটে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) উপজেলার ঘারমোড়া ইউনিয়নের মনিপুর গ্রামে এ ঘটনা ঘটে। হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোরশেদুল আলম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- মনিপুর গ্রামের জহিরুল ইসলামের স্ত্রী পাপিয়া আক্তার সুখী (৩২), তার ছেলে হোসাইন (৪) এবং তার ভাই আবদুস সাত্তারের ছেলে জোবায়ের (৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে স্থানীয়রা জহিরুল ইসলামের পরিবারের কোনো সাড়া-শব্দ না পেয়ে তাদের খোঁজ নেন। একপর্যায়ে জানালা দিয়ে ঘরের ভেতরে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোরশেদুল আলম চৌধুরী জানান, কে বা কারা তাদের গলা কেটে হত্যা করে বসতঘরের তিন কক্ষে তিনটি লাশ রেখে চলে যান। লাশগুলো উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।



