চুয়াডাঙ্গার দামুড়হুদায় আবর্জনা ভর্তি গর্তের পানিতে ডুবে মাহিন (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের সাড়াবাড়িয়া গ্রামে নিজ বাড়ির আঙিনা থেকে এ লাশ উদ্ধার করা হয়।
নিহত মাহিন সাড়াবাড়িয়া গ্রামের মামুন আলীর ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার বিকেল থেকে মাহিনকে পরিবারের সদস্যরা খুঁজে পাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর আজ সকালে বাড়ির পাশের একটি আবর্জনার গর্তের নিকট মাহিনের স্যান্ডেল পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা। এরপর গর্ত তল্লাশি করে তার লাশ উদ্ধার করে।
মাহিনের পিতা মামুন আলী জানান, রোববার বিকেলে ঘর থেকে খেলা করার উদ্দেশে বের হয় মাহিন। এরপর তার আর কোনো সন্ধান মেলেনি। খোঁজাখুঁজির একপর্যায়ে আজ সোমবার সকালে বাড়ির পাশের গর্ত থেকে তার লাশ উদ্ধার করা হয়।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খেলা করার সময় অসাবধানতাবশত গর্তের পানিতে পড়ে মাহিনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।



