জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের (ভিসি) গাড়িতে আবারও হামলার ঘটনা ঘটেছে। অটোপাশের দাবিতে আন্দোলনরত ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা এ হামলা চালায় বলে জানা গেছে।
সোমবার (৬ এপ্রিল) বেলা আড়াইটায় গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ঢাকায় ফেরার পথে ভিসির বহরে এ হামলার ঘটনা ঘটে। এতে ভিসির গাড়ি ভাঙচুর করা হয় এবং তিনি নিজেও নাজেহালের শিকার হন।
এর আগে, ২০২৫ সালের ২১ মে একই দাবিতে আন্দোলনরত ২০২২ সালের স্নাতক (পাস) পরীক্ষার্থীদের হামলায় প্রথমবারের মতো আহত হয়েছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। ওই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট মহলে উদ্বেগ বেড়েছে।
দ্বিতীয় দফায় হামলার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভিসি বলেন, শিক্ষার্থীদের অন্যায্য দাবি মেনে নেয়ার কোনো সুযোগ নেই। তিনি স্পষ্টভাবে জানান, জাতীয় বিশ্ববিদ্যালয় কোনোভাবেই অটোপাসের পক্ষে নয়।
ভিসি আরো বলেন, শিক্ষার গুণগতমান রক্ষায় অটোপাশ ও অতিরিক্ত গ্রেস নম্বর প্রদানের প্রবণতা নিরুৎসাহিত করা হচ্ছে এবং এ বিষয়ে আরো কঠোর হওয়ার পরিকল্পনা রয়েছে। তার ভাষ্য, অটোপাসের মতো সিদ্ধান্ত শিক্ষাব্যবস্থার সামগ্রিক মানকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে।
এ ঘটনায় বিস্তারিত জানিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো: মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে অবহিত করেন।



