আগামী ৯ এপ্রিল বগুড়া-৬ (সদর) আসনের উনির্বাচনে দায়িত্ব পালনে কেউ অবহেলা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করে দিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো: সানাউল্লাহ।
রোববার (৫ এপ্রিল) বগুড়া ডিসি অফিসের সভা কক্ষে বগুড়া-৬ উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট সেলের সদস্যদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নির্বাচন কমিশনার বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদের সাধারণ নির্বাচন নিরপেক্ষভাবে, সংঘাত ও রক্তপাত ছাড়াই সম্পন্ন হয়েছে। উপনির্বাচন বলে এটিকে ছোট করে দেখার সুযোগ নেই। কমিশন এ নির্বাচনকেও সমান গুরুত্ব দিচ্ছে। দায়িত্ব পালনে কেউ অবহেলা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
তিনি বলেন, বিগত নির্বাচনে কিছু প্রিজাইডিং কর্মকর্তার অসতর্কতার কারণে বিতর্ক তৈরি হয়েছিল, যা কোনোভাবেই কাম্য নয়। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি এড়াতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে।
অবৈধ ও হারানো অস্ত্র প্রসঙ্গে তিনি বলেন, এসব বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে হবে। এখনো চার শতাধিক পিস্তুল নিখোঁজ রয়েছে। কোনো অসৎ উদ্দেশ্য যেন বাস্তবায়িত না হয়, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে হবে। কারচুপির নির্বাচনের দিন শেষ। কেউ যেন আর দুই নম্বরী নির্বাচনের চিন্তা না করে।
জেলা প্রশাসক মো: তৌফিকুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
সচিব বলেন, স্থানীয় আতিথেয়তা নেয়া যাবে না, ভোটের গোপন কক্ষে মোবাইল ফোন নেয়া যাবে না। কোনো গাফিলতি বরদাশত করা হবে না। ভোটের আগের দিন মোবাইল ফোনে আর্থিক লেনদেন সীমিত করার চিন্তাভাবনা রয়েছে।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনুর রশিদ, রাজশাহী বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশিদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো: শাহজাহান, নওগাঁ ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম, আনসার বাহিনীর রাজশাহী রেঞ্জের পরিচালক শফিকুল ইসলাম, বগুড়া জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, ৪০ বীরের অধিনায়ক লেফটেন্যান্ট তানভীর আহমেদ তমাল, রিটার্নিং কর্মকর্তা ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো: ফজলুল করিম, নির্বাচন কর্মকর্তা,আছিয়া বেগম, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা।
পরে নির্বাচন কমিশনার ভোট কেন্দ্রের অফিসার সহ অন্যদের সাথে কথা বলেন।



