গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া আর কোনো পথ খোলা নেই : ফখরুল ইসলাম

নগরীর টিলাগড় পয়েন্টে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
জামায়াতের লিফলেট বিতরণ
জামায়াতের লিফলেট বিতরণ |নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরীর আমির মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, ‘পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন থেকে বিএনপি শিক্ষা নেয়নি। তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চায়। রাষ্ট্রের সকল স্তরে নগ্ন দলীয়করণের মাধ্যমে বিএনপি সরকার ফের ফ্যাসিবাদী শাসনের দিকে হাঁটছে। এর পরিণতি ভালো হবে না। ছাত্র-জনতা আবারো রাজপথে নামলে সরকারকে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে। গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া সরকারের সামনে আর কোনো বিকল্প পথ খোলা নেই।’

সোমবার (১৩ এপ্রিল) বিকেলে নগরীর টিলাগড় পয়েন্টে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বিএনপির তাদের ৩১ দফায় উল্লেখিত প্রতিশ্রুতি এখন বেমালুম ভুলে গেছে। দেশের সকল সিটি করপোরেশন ও জেলা পরিষদে দলীয় প্রশাসক নিয়োগ করেছে। বিশ্ববিদ্যালয়ের ভিসি, কলেজের অধ্যক্ষসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠানকে ন্যাক্কারজনকভাবে দলীয়করণ করা হয়েছে। ব্যাংক লুটেরাদের ফিরিয়ে আনতে সরকার সুযোগ করে দিয়েছে। দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দেয়া হচ্ছে যা জাতির জন্য খুবই উদ্বেগজনক। এর বিরুদ্ধে ছাত্র-জনতাকে সোচ্চার হতে হবে এবং ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।’

লিফলেট বিতরণকালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর সহকারী সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাহপরান পশ্চিম থানা নায়েবে আমির মো: আব্দুর রব, সেক্রেটারি নজরুল ইসলাম, সহকারী সেক্রেটারি আহমদ হোসাইন, আহমদ আল মাসউদ, হামিদ বকস মুহিন, ওমর ফারুক ইমন, শ্রমিক নেতা আক্কাস আলী, মো: ফারুক মিয়া, ছাত্রনেতা আবু তাহের মিসবাহ, রেজাউল ইসলাম সুহেল প্রমুখ।