সকলে মিলেমিশে এলাকার উন্নয়ন করতে হবে বলে মন্তুব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর।
রোববার (২২ মার্চ) বিকেলে পিরোজপুরের কাউখালীতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আহমেদ সোহেল মঞ্জুর বলেন, ‘এলাকার সমস্যাগুলো চিহ্নিত করে আপনারা আমাকে জানালে আমি পর্যায়ক্রমে সকল প্রকার উন্নয়নমূলক কাজ করব ইনশাল্লাহ।’
দলের ভিতরে যদি কেউ অপরাধ করে তাহলে তাকে ছাড় দেয়া হবে না জানিয়ে প্রতিমন্ত্রী আরো বলেন, ‘চাঁদাবাজ, টেন্ডারবাজি, মাদকের সাথে যারা জড়িত তাদের কোনো ছাড় দেয়া হবে না। কোনো নেতাকর্মী দলের নাম ভাঙ্গিয়ে চলে তাহলে আপনার আমাকে জানাবেন, আমি ব্যবস্থা নেব। আমাদের মনে রাখতে হবে আমরা সবাই জনগণের সেবক, আমাদের আচার-আচরণ থেকে কোনো ব্যক্তি যেন কষ্ট না পায়। রাজনীতি কোনো ব্যবসা কেন্দ্র না, এটা আমাদের সকলের মাথায় রাখতে হবে।’
উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আহসান কবিরের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃরা বক্তব্য রাখেন।



