নোয়াখালীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা জামায়াত।
মঙ্গলবার (২৮ এপ্রিল) নোয়াখালী জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো: বোরহান উদ্দিন এক বিবৃতিতে বলেন, ‘নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানি ইউনিয়নে গত ২৭ এপ্রিল বিএনপি’র দুই গ্রুপের অভ্যন্তরীণ কোন্দল ও সংঘাতের ঘটনা ঘটে, এ ঘটনায় লোকজন আহত ও বাড়িঘরে হামলা হয়।’
তিনি আরো বলেন, ‘অত্যন্ত দুঃখজনকভাবে লক্ষ্য করা যাচ্ছে যে, কিছু অসাধু মহল এবং বিভ্রান্তিকর মিডিয়া অহেতুক এই ঘটনার সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নাম জড়িয়ে অপপ্রচার চালাচ্ছে। আমি এই মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
‘আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, ছয়ানি ইউনিয়নে ঘটে যাওয়া উক্ত সংঘাত সম্পূর্ণভাবে বিএনপির অভ্যন্তরীণ দলীয় কোন্দল। এ ঘটনার সাথে জামায়াতে ইসলামীর দূরতম কোনো সংশ্লিষ্টতা নেই। বিএনপি’র অভ্যন্তরীণ কোন্দল নিয়ে এর আগেও এবং গত কয়েকদিন আগে এমপি বরকত উল্লাহ বুলুর উপস্থিতিতে খাল খনন উদ্বোধন অনুষ্ঠানকে কেন্দ্র করে একই ধরনের সংঘাতের ঘটনা ঘটেছে, যা গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচিত,’ বলেন তিনি।
তিনি আরো বলেন, ‘রাজনীতিতে শিষ্টাচার ও সত্যনিষ্ঠা অপরিহার্য। নিজেদের দলীয় কোন্দল ও ব্যর্থতার দায়ভার অন্যের ওপর চাপিয়ে দিয়ে রাজনৈতিক ফায়দা লোটার যে নোংরা খেলা শুরু হয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমি বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট পক্ষ ও গণমাধ্যমের প্রতি আহ্বান জানাচ্ছি।’
‘জনমনে বিভ্রান্তি ছড়াতে এ ধরনের মিথ্যা অপপ্রচার চালানো হলে তা হবে অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি স্পষ্ট করছি যে, নোয়াখালী জেলা জামায়াতে ইসলামী কোনো প্রকার সহিংসতা বা বিশৃঙ্খলায় বিশ্বাস করে না। বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে জামায়াতের নাম জড়ানোর অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বিভ্রান্তিকর মিডিয়া অহেতুক এ ঘটনার সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নাম জড়িয়ে অপপ্রচার চালাচ্ছে। আমি এই মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’



