নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুনে পুড়ে গেছে ১৮ পরিবারের বসতঘর।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার পিরোজপুর ইউনিয়নের ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে সোনারগাঁও ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই স্বর্ণলংকার, নগদ টাকা ও আসবাবপত্র পুড়ে প্রায় অর্ধ কোটি টাকার বেশি সম্পদ পুড়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের ইসলামপুর এলাকায় নূরুল আলমের বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্টিটে আগুন লাগে। মূর্হুতের মধ্যে ১৮টি কক্ষে আগুন ছড়িয়ে পড়ে। পুড়ে ছাই হয়ে যায় বসতঘর ও প্রয়োজনীয় জিনিসপত্র। প্রাণ নিয়ে বের হতে পারলেও একটি কাগজও তারা উদ্ধার করতে পারেননি ক্ষতিগ্রস্তরা। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন জুম্মান মিয়া, নুরুল আলম ও মাহিজ উদ্দিনের বাড়িতে দ্রুত ছড়িয়ে পড়ে। এতে করে ১৮টি পরিবারের প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি সাধন হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ পরিবার।
ক্ষতিগ্রস্ত নুরুল আলম জানান, শিল্প এলাকা হওয়ায় তাদের বাড়ির ১০টি কক্ষে ১০টি পরিবার ভাড়া থাকতেন। আগুন লাগার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনার আগেই সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। পরিবারের সদস্যরা কোনোমতে জীবন নিয়ে বের হয়েছেন। খবর পেয়ে সোনারগাঁও ফায়ার সার্ভিস এর তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
সোনারগাঁও ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো: জাহেদ চৌধুরী জানান, আগুনে তিনটি বাড়ির মোট ১৮টি ঘর সম্পূর্ণ পুড়ে যায়। তাৎক্ষনিকভাবে ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি। তবে ক্ষতিগ্রস্থদের প্রায় ৫০ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন।



