সৈয়দপুরে উদ্ধারকৃত শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে দীর্ঘ সময় ধরে উপজেলা রোডের বটগাছের নিচে শিশুটিকে শুয়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে উপজেলা প্রশাসনকে খবর দিলে রাত ৮টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাব্বির হোসেনসহ কয়েকজন কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হন।

মো: জাকির হোসেন, সৈয়দপুর (নীলফামারী)

Location :

Saidpur
উদ্ধারকৃত শিশুটি, (ডানে) পরিবারের কাছে হস্তান্তর
উদ্ধারকৃত শিশুটি, (ডানে) পরিবারের কাছে হস্তান্তর |নয়া দিগন্ত

নীলফামারীর সৈয়দপুর শহরের উপজেলা সড়কের বটগাছের নিচ থেকে ঘুমন্ত অবস্থায় উদ্ধারকৃত শিশুটির পরিচয় পাওয়া গেছে। প্রশাসনের সহযোগিতায় তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) সকাল ১০টার দিকে সৈয়দপুর থানা থেকে শিশুটিকে তার বাবা ও নানা এসে নিয়ে গেছে।

উদ্ধার শিশুটির নাম সুমাইয়া, তার বয়স চার বছর। তার বাবার নাম এরশাদ। তিনি পেশায় একজন ভিক্ষুক, বদরগঞ্জ রেলওয়ে স্টেশনে বসবাস করেন। গ্রামের বাড়ি রংপুরের বদরগঞ্জ উপজেলার ৭ নম্বর গোপীনাথপুর ইউনিয়নে। শিশুটির মা তাদের ছেড়ে পালিয়ে গেছে।

জানা যায়, বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে দীর্ঘ সময় ধরে উপজেলা রোডের বটগাছের নিচে শিশুটিকে শুয়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে উপজেলা প্রশাসনকে খবর দিলে রাত ৮টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাব্বির হোসেনসহ কয়েকজন কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হন।

Nilphamari-Child-Rescue2222

তারা পুলিশ ও মিডিয়ার সামনে শিশুটিকে ঘুম থেকে ডেকে তোলেন। জেগে উঠে অনেক অপরিচিত মানুষ দেখে একটু ভীত হলেও পরক্ষণেই স্বাভাবিক হয় শিশুটি। এ সময় জিজ্ঞেস করলে সে নিজের নাম বাঘ বলে জানায়। মা নেই, গাড়িতে (ট্রেন) চড়ে এসেছে। বাবার নাম বা কোথায় থেকে এসেছে তা বলতে পারেনি। এমতাবস্থায় উপজেলা সমাজসেবা কর্মকর্তার তত্ত্বাবধানে শিশুটিকে রাখা হয়।

এরপর ফেসবুকসহ বিভিন্ন মিডিয়ায় প্রচার এবং প্রশাসনিকভাবে যোগাযোগ করা হয়। এর পরিপ্রেক্ষিতে বদরগঞ্জের একজন অনলাইন এক্টিভিস্টের মাধ্যমে জানতে পেরে রাতেই শিশুটির বাবা চলে আসে সৈয়দপুরে।

শুক্রবার সকালে থানা চত্বরে সুমাইয়াকে তার বাবার কাছে বুঝিয়ে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাব্বির হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুর মোহাম্মদ, সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা প্রমুখ।