চুয়াডাঙ্গায় ১৩ দফা দাবিতে মানববন্ধন করেছে জেলা নাগরিক কমিটি। সোমবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় শহরের বড় বাজার শহীদ হাসান চত্বরে এ মানববন্ধন আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা ১৩ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে দ্রুত সময়ে চুয়াডাঙ্গা শহরের ওভার পাস নির্মাণ, সদর হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীতকরণ, বিদ্যুৎ বিভাগের দুর্নীতি বন্ধ করা, মাথাভাঙ্গা নদীর দখল দূষণ রোধ, শহরের ফুটপাত অবৈধ দখলমুক্ত করা, দর্শনায় ও জীবননগরে আন্তর্জাতিক স্থলবন্দর স্থাপন, জেলা পরিষদের লাল ভবণকে স্বাধীনতা ভবন ঘোষণা, আবুল হোসেন লাইব্রেরি ও শ্রীমন্ত টাউন হলকে চুয়াডাঙ্গা পৌরসভার অবৈধ দখলমুক্ত করা, জেলা মডেল মসজিদ সড়ক মুসল্লী ও শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করা, জীবননগরের পাথিলা কৃষি ফার্মে কৃষি ও বিজ্ঞান-প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং সন্ত্রাসমুক্ত চুয়াডাঙ্গা গঠন।
জেলা নাগরিক কমিটির আহ্বায়ক তৌহিদ হোসেন বলেন, ‘বাংলাদেশের সামগ্রিক অবস্থা যদি আমরা দেখি, তাহলে বলতেই হয় এ চুয়াডাঙ্গা জেলা অবহেলিত। স্বাধীনতার ৫৪ বছরেও এ দেশে ন্যায়নীতি প্রতিষ্ঠা পায়নি।
তিনি বলেন, আমরা একটা মানবিক বাংলাদেশ চাই। এখানে রাজার ছেলে আর রাজা হবে না। রিকশা চালকসহ সব ধরনের শ্রমিক হবে এ দেশের এক একজন কারিগর। কিন্তু এ বাংলাদেশে এখনো বৈষম্য রয়ে গেছে।
তিনি আরো বলেন, আমরা চাই একটা উন্নত সমৃদ্ধি বাংলাদেশ। সেই জন্য সব জেলাকে সমন্বিতভাবে এগিয়ে নেয়ার ব্যবস্থা করতে হবে। আজকে এ চুয়াডাঙ্গা দেশের অনেক জেলা থেকে অবহেলিত। তাই আমাদের ১৩ দফা দাবি পূরণ করা একান্ত প্রয়োজন।
চুয়াডাঙ্গার বিভিন্ন সমস্যা তুলে ধরে নাগরিক কমিটির সদস্য অধ্যক্ষ শাহজাহান আলী বলেন, যেগুলোর কারণে আজ চুয়াডাঙ্গার মানুষ সব ধরনের সেবা থেকে বঞ্চিত হচ্ছে। সেই কারণগুলো সমাধানে সংশ্লিষ্ট দফতরের প্রধানদের আহ্বান জানাচ্ছি, যাতে করে দ্রুত এ নাগরিক কমিটির মানবিক আবেদনে সাড়া দেয়া হয়। চুয়াডাঙ্গা শহরের ওভার পাস নির্মাণ কাজ কবে শেষ হবে। দ্রুত শেষ না হলে মানুষের দুর্ভোগ আরো বাড়বে।
তিনি বলেন, সদর হাসপাতাল এখনো ২৫০ শয্যায় উন্নতি হয়নি। নেই ভালো মানের চিকিৎসা সেবা। বিদ্যুৎ বিভাগের দুর্নীতি রোধ করতে হবে। লোডশেডিং কমাতে হবে। জেলার প্রাণ কেন্দ্র মাথাভাঙ্গা নদীর দখল-দূষণ কমানোর জন্য প্রশাসনের হস্তক্ষেপ একান্ত প্রয়োজন। জেলা শহরের ফুটপাত অবৈধ দখলমুক্ত করে দর্শনায় ও জীবননগরে আন্তর্জাতিক স্থলবন্দর স্থাপন, জেলা পরিষদের লাল ভবনকে স্বাধীনতা ভবন ঘোষণা করার দাবি জানাচ্ছি।
জেলা নাগরিক কমিটির সদস্য সচিব অধ্যাপক শেখ সেলিম বলেন, নাগরিক কমিটির এ ১৩ দফা দাবি মানবিক আবেদন। এ আবেদনগুলো সরকার যদি গুরুত্ব দেয়, তাহলে এ জেলা উন্নত হবে। আমরা গর্বের সাথে এ জেলাকে তুলে ধরতে চাই।
এসময় জেলা নাগরিক কমিটির সদস্য আবু হোসেন, অ্যাডভোকেট কায়জার হোসেন শিল্পী, মিলন বিশ্বাস, শফিকুর রহমান ও জাহানারা খাতুন প্রমুখ বক্তব্য রাখেন।



