পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজারমূল্য নিয়ন্ত্রণে রাখতে মিরসরাই উপজেলার বিভিন্ন বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের। এ সময় আট ব্যক্তিকে ১০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের বলেন, ‘পবিত্র রমজান উপলক্ষে মিঠাছরা বাজার, মিরসরাই পৌরবাজারসহ বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মূল্য তালিকা ও ওজন ঠিক না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় আটটি মামলায় ১০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। সেইসাথে রমজানে পরিমিত মুনাফায় ও ন্যায্যমূল্যে পণ্য বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন করতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।’
তিনি আরো বলেন, ‘অভিযানে মিরসরাই থানা পুলিশ, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’



