ফুলবাড়ীয়ায় দাদাকে পিটিয়ে হত্যা, নাতি গ্রেফতার

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দাদাকে পিটিয়ে হত্যার ঘটনায় নাতি কে আর ইসলামকে (২২) গ্রেফতার করেছে র‌্যাব।

ময়মনসিংহ অফিস

Location :

Mymensingh
ফুলবাড়ীয়ায় দাদাকে পিটিয়ে হত্যা, নাতি কে আর ইসলাম (২২) গ্রেফতার
ফুলবাড়ীয়ায় দাদাকে পিটিয়ে হত্যা, নাতি কে আর ইসলাম (২২) গ্রেফতার |নয়া দিগন্ত

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দাদাকে পিটিয়ে হত্যার ঘটনায় নাতি কে আর ইসলামকে (২২) গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার (১৫ এপ্রিল) দিবাগত রাতে গাজীপুরের জয়দেবপুর থানার হোতাপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব সূত্র জানায়, দীর্ঘদিন ধরে হোছেন আলীর (৮৮) পরিবারে জমিজমা নিয়ে পারিবারিক কলহ চলছিল। এর ধারাবাহিকতায় গত ২৯ মার্চ গভীর রাতে তুচ্ছ বিষয় নিয়ে শুরু হওয়া বাগবিতণ্ডা সংঘর্ষে রূপ নেয়। পরদিন সকালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছেলেদের বাড়িতে যান তিনি। কিন্তু বিরোধ মেটাতে গিয়ে উল্টো নিজেই হামলার শিকার হন।

অভিযোগ রয়েছে, হোছেন আলীর প্রথম পক্ষের ছেলে ও তার সহযোগীরা দ্বিতীয় পক্ষের ছেলে চাঁন মিয়া (৪৫) ও তার পরিবারের সদস্যদের ওপর লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এ সময় হোছেন আলী বাধা দিতে গেলে তাকেও পেটানো হয় এবং একপর্যায়ে পুকুরে ফেলে দেয়া হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের দ্বিতীয় স্ত্রী ফজিলা খাতুন ফুলবাড়ীয়া থানায় হত্যা মামলা করেন। মামলায় একাধিক ব্যক্তিকে আসামি করা হয়।

ঘটনার পরপরই আত্মগোপনে চলে যায় অভিযুক্তরা। পরে র‌্যাব-১৪ গোয়েন্দা তৎপরতা জোরদার করে অভিযান চালিয়ে প্রধান আসামিকে কে আর ইসলামকে গ্রেফতার করতে সক্ষম হয়।

র‌্যাব-১৪-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো: সামসুজ্জামান বলেন, ‘গ্রেফতারকৃতকে আইনগত প্রক্রিয়ার জন্য ফুলবাড়ীয়া থানায় হস্তান্তর করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।’