নাটোরের লালপুরে পুকুর পরিষ্কার করতে গিয়ে পানিতে ডুবে আরিফুল ইসলাম (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১০ মে) দুপুর ১টার দিকে লালপুর বাজারের পুকুরে এ ঘটনা ঘটে।
নিহত আরিফুল ইসলাম উপজেলার উত্তর লালপুর মন্ডলপাড়া গ্রামের আকবর আলীর ছেলে। তিনি পেশায় একজন সিএনজিচালক। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ তিন সন্তান রেখে যান।
লালপুর থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, আরিফুল লালপুর বাজারের পুকুর মাছ চাষের জন্য লিজ নেন। রোববার দুপুর ১টার দিকে আরিফুল ওই পুকুরে আগাছা পরিষ্কার করছিলেন। এ সময় হঠাৎ তিনি পানিতে ডুবে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের প্রতিবেশী সাইদুর রহমান জানান, আরিফুল ওই পুকুরে আগাছা পরিষ্কার করার সময় দুর্ঘটনাবশত পানিতে ডুবে যায় এবং তার মৃত্যু হয়।
লালপুর থানার সাব ইন্সপেক্টর মিজানুর রহমান জানান, নিহতের ভাই মো: আসকান আলীর লিখিত সংবাদের ভিত্তিতে লালপুর থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, এ বিষয়ে নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।
রোববার বাদ মাগরিব লালপুর বাজার জামে মসজিদ চত্বরে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে আরিফুল ইসলামের লাশ দাফন করা হয়।



