চট্টগ্রাম নগরের হালিশহর থানাধীন আগ্রাবাদ বি-ফোর এক্সেস রোড এলাকায় খননকাজ চলাকালে মাটি ধসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো দুই শ্রমিক গুরুতর আহত হন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ জসীম উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গতকাল বুধবার রাতে চীনা হাইড্রো কোম্পানির খননকাজ চলার সময় হঠাৎ মাটি ধসে পড়ে চার শ্রমিক চাপা পড়েন। পরে সহকর্মীরা তাদের উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন, দিনাজপুরের মোহাম্মদ রাকিব ও তুষার।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক নুরুল আলম আশেক নয়া দিগন্তকে জানান, আহত দুই শ্রমিক সাগর ও এরশাদকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ক্যাজুয়াল্টি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক।



