নোয়াখালীতে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা

কিছুদিন আগে আবু বকর গাজীপুর থেকে বাড়িতে আসেন। গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিজ বাড়ির সিঁড়িতে বসে মোবাইলফোন দেখছিলেন তিনি। এ সময় পাঁচ-সাতজনের একটি দুর্বৃত্ত দল তাকে অপহরণ করে।

মুহাম্মদ হানিফ ভুঁইয়া, নোয়াখালী অফিস

Location :

Noakhali
যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা
যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা |নয়া দিগন্ত গ্রাফিক্স

নোয়াখালীর বেগমগঞ্জে মো: আবু বকর সিদ্দিক (৩৫) নামে এক যুবককে অপহরণের পর নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার (২৫ এপ্রিল) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার ছয়ানী ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহত আবু বকর উপজেলার ছয়ানী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের খোয়াজপুর গ্রামের চাপরাশি বাড়ির মরহুম আমিন উল্লাহর ছেলে। তিনি গাজীপুর চৌরাস্তা এলাকায় তার বড় ভাই নিজামের খাবার দোকানে কাজ করতেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে আবু বকর গাজীপুর থেকে বাড়িতে আসেন। গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিজ বাড়ির সিঁড়িতে বসে মোবাইলফোন দেখছিলেন তিনি। এ সময় পাঁচ-সাতজনের একটি দুর্বৃত্ত দল তাকে অপহরণ করে। একপর্যায়ে বাড়ির পূর্ব পাশের পুকুর পাড়ের একটি মাঠে নিয়ে যায়। সেখানে তার মুখে গামছা পেঁচিয়ে লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে। পরে মৃত ভেবে তাকে বাড়ির সামনে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার দুপুর আড়াইটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রোববার (২৬ এপ্রিল) দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে লাশ নোয়াখালী নেয়া হয়।

এ বিষয়ে রাজগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, ঢাকা থেকে বেতার বার্তা পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। বাড়ির সিঁড়ি থেকে কে বা কারা তাকে তুলে নিয়ে মারধর করে।