বগুড়ায় বজ্রপাতে যুবক ও পানিতে ডুবে শিশুর মৃত্যু

দুপুর পৌনে ১টার দিকে পরিবারের অগোচরে আব্দুর রউফ পাশের বন বিভাগের পুকুরে গোসল করতে যায়। একপর্যায়ে সে পুকুরের গভীর পানিতে তলিয়ে যায়।

আবুল কালাম আজাদ, বগুড়া অফিস

Location :

Bogura
বজ্রপাত ও পানিতে ডুবে দু’জনের মৃত্যু
বজ্রপাত ও পানিতে ডুবে দু’জনের মৃত্যু |নয়া দিগন্ত গ্রাফিক্স

বগুড়ার গাবতলী উপজেলায় জমি থেকে ছাগল আনতে গিয়ে বজ্রপাতে সুমন (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার সোনারায় ইউনিয়নের মুচিখালী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সুমন ওই গ্রামের মো: আবদুল করিমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেল পৌনে ৪টার দিকে এলাকায় হঠাৎ বৃষ্টি শুরু হয়। এ সময় বাড়ির পাশের জমিতে থাকা নিজের ছাগল আনতে যান সুমন। জমিতে পৌঁছানোর কিছুক্ষণ পরই বজ্রাঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গাবতলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: আবু মুসা জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় অপমৃত্যুর (ইউডি) মামলা করা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।

এদিকে, জেলার দুপচাঁচিয়ায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মো: আব্দুর রউফ (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) দুপুরে দুপচাঁচিয়া পৌর এলাকার বন বিভাগের একটি সরকারি পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রউফ উপজেলার জে কে কলেজ এলাকার প্রবাসী মুকুল হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর পৌনে ১টার দিকে পরিবারের অগোচরে আব্দুর রউফ পাশের বন বিভাগের পুকুরে গোসল করতে যায়। একপর্যায়ে সে পুকুরের গভীর পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজমিলুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।