যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে নিহত বাংলাদেশী শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির লাশ মাদারীপুরে তার গ্রামের বাড়িতে দাফনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
শনিবার (৯ মে) বাদ আসর মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চরগোবিন্দপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হবে।
বৃষ্টিকে শেষবারের মতো এক নজর দেখতে সকাল থেকেই তার বাড়িতে আসছেন আত্মীয়-স্বজন ও স্থানীয়রা।
এদিকে লাশ গ্রামে পৌঁছানোর খবরে কবর খোঁড়ার কাজও চলছে।
জানা গেছে, শনিবার সকাল ৮টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বৃষ্টির লাশ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। লাশ গ্রহণ করতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন তার মা-বাবা ও স্বজনরা। বিমানবন্দর থেকে লাশ প্রথমে ঢাকার মিরপুরে তাদের বাসায় নেয়া হয়। পরে সেখান থেকে মাদারীপুরের গ্রামের বাড়িতে নেয়া হবে। গ্রামে বাদ আছর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, জানাজা ও দাফনের সকল প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন করা হয়েছে।



