কুমিল্লা সদর উপজেলার ভারত সীমান্তবর্তী কটকবাজার এলাকায় অভিযান চালিয়ে একটি ডোবা সেঁচে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র্যাব।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ভোর থেকে দুপুর পর্যন্ত কটকবাজার গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব জানায়, অভিযানে তিনটি পিস্তল, একটি রিভলভার, দু’টি ওয়ান শুটারগানসহ বিপুল পরিমাণ ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে- দা, ছুরি ও চাইনিজ কুড়াল, যা দু’টি বস্তায় মোড়ানো অবস্থায় পাওয়া যায়।
র্যাব কুমিল্লার কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার ভোর থেকেই অস্ত্র উদ্ধার অভিযান শুরু হয়। দুপুর পর্যন্ত অভিযানে সাদা বস্তা ও স্কচটেপ মোড়ানো অবস্থায় এসব আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। আসন্ন নির্বাচনকে সামনে রেখে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ডোবাটি ভারত সীমান্ত থেকে প্রায় ৩৫০ মিটার দূরত্বে অবস্থিত। দুপুর সোয়া ১২টার দিকে এ অভিযান শেষ হয়।



