মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা
জামালপুরের মাদারগঞ্জে ভুল নম্বরে পাঠানো বিকাশের টাকা ফেরত নিতে এসে ট্রাকচাপায় দিপু মিয়া (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন উল্লাস নামে আরো এক যুবক।
বুধবার (৩ জুন) বিকেলে জামালপুর-মাদারগঞ্জ মহাসড়কের ভেলামারী আনন্দ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দিপু মিয়া জামালপুর সদর উপজেলার গোপালপুর এলাকার বাসিন্দা ও শাহিদুল ইসলামের ছেলে। তিনি জামালপুর শহরের এম এ রশীদ হাসপাতাল সংলগ্ন একটি কনফেকশনারি দোকান পরিচালনার পাশাপাশি বিকাশ ব্যবসার সাথেও জড়িত ছিলেন। দিপু মিয়া বিবাহিত ছিলেন। তিনি স্ত্রী ও এক শিশুসন্তান রেখে গেছেন।
আহত উল্লাস ইসলামপুর উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, ঈদের দুই দিন আগে মাদারগঞ্জের এক ব্যক্তির মোবাইল নম্বরে ভুলবশত বিকাশে ২০ হাজার টাকা পাঠানো হয়। ওই টাকা ফেরত আনার উদ্দেশ্যে বুধবার মাদারগঞ্জে আসছিলেন দিপু। পথে ভেলামারী আনন্দ বাজার এলাকায় পৌঁছালে একটি ট্রাকের চাপায় গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় জানান, দুর্ঘটনার পর লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে।



