খাগড়াছড়ির মহালছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর মহালছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যের চোখের চিকিৎসা কার্যক্রমের দ্বিতীয় ধাপে অসহায় ও সুবিধাবঞ্চিত রোগীদের মাঝে চশমা ও ওষুধ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে) থেকে মহালছড়ি জোন সদর প্রাঙ্গণে এ কার্যক্রম শুরু হয়।
বাংলাদেশ আর্মির সরকারি ফেসবুক পেজে জানানো হয়, খাগড়াছড়ির দুর্গম পাহাড়ি এলাকার রোগীদের প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে চিকিৎসাসামগ্রী প্রদান করা হচ্ছে।
এর আগে, গত বৃহস্পতিবার আয়োজিত চক্ষু ক্যাম্পে প্রায় ১ হাজার ১০০ রোগীর চোখ পরীক্ষা করা হয় এবং ছানি আক্রান্ত রোগীদের উন্নত চিকিৎসার জন্য নির্বাচন করা হয়।
স্থানীয়রা জানিয়েছেন, এ ধরনের মানবিক উদ্যোগ পাহাড়ি এলাকার দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য অত্যন্ত উপকারী হয়ে উঠেছে।



