লক্ষ্মীপুরের ঝুমুর এলাকায় চেকপোস্টে কৃষকদল নেতা ও ওষুধ ব্যবসায়ী বদরুল ইসলাম শ্যামলের গাড়ি থেকে ১৫ লাখ টাকা জব্দ করা হয়েছে। পরে টাকা ও গাড়ি জব্দ করে রেখে কৃষকদল নেতাসহ ৩ জনকে ছেড়ে দেয়া হয়। এ ঘটনায় আধাঘণ্টার মধ্যে কারণ দর্শানোর জন্য নির্দেশ দেয়া হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে শহরের ঝুমুর চত্বর থেকে টাকাসহ গাড়িটি জব্দ করা হয়। নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির সদস্য লক্ষ্মীপুর জজ আদালতের বিচারক তাহরিনা আক্তার নওরিন বিষয়টি নিশ্চিত করেছেন।
শ্যামল জেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি ও তিনি শহরের আল-আমিন ফার্মেসির মালিক।
প্রত্যক্ষদর্শী ও নির্বাচন অনুসন্ধান টিম সূত্র জানায়, নির্বাচনকালীন নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী ঝুমুর এলাকায় চেকপোস্ট বসিয়েছে। কৃষকদল নেতা শ্যামলসহ তিনজন নির্বাচনকালীন ব্যবহৃত একটি গাড়িতে (ঢাকা মেট্টো-ঘ ১৭-১৩৭৭) যাচ্ছিলেন। চেকপোস্টে গাড়ি তল্লাশি করে ১৫ লাখ টাকা জব্দ করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে তাদেরকে জজ আদালতের ৪ তলায় নিয়ে যাওয়া হয়। সেখানে বিচারক তাহরিনা আক্তার নওরিন অভিযুক্তদের আধাঘণ্টার মধ্যে কারণ দর্শানোর জন্য নির্দেশ দিয়েছেন। পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।
লক্ষ্মীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান ও অভিযুক্ত কৃষক দল নেতা বদরুল ইসলাম শ্যামলকে কল দিলেও তারা রিসিভ করেননি।
বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে বিএনপি প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘ঘটনা হচ্ছে এ টাকা আমি কেন্দ্রের খরচের জন্য পাঠিয়েছি।’



