চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ভারতীয় সীমান্তে মাদকবিরোধী পৃথক তিনটি অভিযান চালিয়ে ৪০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (১৯ এপ্রিল) বিকেলে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহেশপুর ব্যাটালিয়নের অধীন নতুনপাড়া বিওপির বিজিবি সদস্যরা শনিবার বিকেলে জীবননগর উপজেলার নতুনপাড়া সীমান্ত এলাকায় পৃথক দু’টি মাদকবিরোধী অভিযান চালিয়ে আসামিবিহীন অবস্থায় ৩৭৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করে।
এছাড়া একই ব্যাটালিয়নের অধীন মাধবখালী বিওপির বিজিবি সদস্যরা রবিবার সকালে দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৭১/৫-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধোপাখালী গ্রামের একটি ভুট্টাক্ষেতের পাশ থেকে আসামিবিহীন অবস্থায় জব্দ করে ২৩ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ। আটককৃত মালামাল সংশ্লিষ্ট শাখায় জমা দেয়া হয়েছে।



