সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ‘প্রত্যেক নাগরিকের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আমাদের অন্যতম অগ্রাধিকার। প্রাথমিক স্বাস্থ্যসেবার জন্য যাতে নগরবাসীকে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে বা হাসপাতালে যেতে না হয় সেই লক্ষ্যে আমরা সিটি করপোরেশনের বিভিন্ন প্রাথমিক স্বাস্থ্যসেবাদানকারী প্রতিষ্ঠানকে আরো সেবামুখী করার উদ্যোগ নিয়েছি।’
তিনি বলেন, ‘আশা করি প্রত্যেক নাগরিক নিকটস্থ প্রাথমিক স্বাস্থ্যসেবা দানকারী প্রতিষ্ঠানগুলো থেকে বিনামূল্যে বা স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা নিতে পারবেন।’
বুধবার (৪ মার্চ) নগরীর কুমারপাড়ায় সিলেট সিটি করপোরেশন পরিচালিত ওসমান মিয়া মার্চেন্ট মা ও শিশু হাসপাতাল পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: মো: জাহিদুল ইসলাম।
এর আগে সিসিক প্রশাসক নগরীর ঘাসিটুলায় নগর প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনকালে আব্দুল কাইয়ুম চৌধুরী নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে যেসব সেবাকেন্দ্রে জনবল সঙ্কট রয়েছে, বিশেষ করে যেগুলোতে চিকিৎসকের পদ শূন্য রয়েছে সেগুলোতে চিকিৎসক নিয়োগের উদ্যোগ গ্রহণের নির্দেশ দেন।
তিনি বলেন, ‘পরিষ্কার-পরিচ্ছন্ন আধুনিক একটি নগর গড়তে নানামুখী উন্নয়ন যেমন প্রয়োজন, তেমনি প্রয়োজন সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকা ও বেড়ে উঠার সুযোগ দেয়া। আমরা নগরবাসীর কাছে উন্নত প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চাই।’
ওসমান মিয়া মার্চেন্ট হাসপাতাল পরিদর্শনকালে হাসপাতালের চিকিৎসক ডা: রুমানা, ডা: তাহমিনা মালিক, ডা: মুন্নী, সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ, মো: মাহবুবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে আব্দুল কাইয়ুম চৌধুরী সিলেট নগরীর সাগরদিঘির পাড়ে শ্মশানঘাট পরিদর্শন, রাস্তা, ড্রেন ও ফুটপাত পরিদর্শন করেন। এ সময় তিনি আবর্জনা রাস্তায় বা ড্রেনে না ফেলতে বাসার মালিকদের অনুরোধ জানান।



