নিয়মিত মাদক সেবনের স্থানে বেড়া দেয়ায় শ্রীপুরে নারী গুলিবিদ্ধ

গুলিবিদ্ধ ওই নারীর নাম মনোয়ারা বেগম। তিনি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার বাসিন্দা। তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মোহাম্মদ আলী ঝিলন, গাজীপুর

Location :

Gazipur
গুলিবিদ্ধ মনোয়ারা বেগম
গুলিবিদ্ধ মনোয়ারা বেগম |ছবি : নয়া দিগন্ত

গাজীপুরের শ্রীপুরে নিয়মিত মাদক সেবনের স্থানে বেড়া দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করায় মাদকসেবীরা এক নারীকে গুলি করে আহত করেছে।

শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার এমসি বাজার (বেপারীপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত শেখ ফরিদ পলাতক রয়েছেন।

গুলিবিদ্ধ ওই নারীর নাম মনোয়ারা বেগম। তিনি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার বাসিন্দা। তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গুলিবিদ্ধ মনোয়ারা বেগম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিকদের জানান, উপজেলার এমসি বাজার এলাকায় অগ্রণী ব্যাংকের অধিগ্রহণকৃত জমিটি দীর্ঘদিন ধরে দেখাশোনা করেন তিনি ও তার স্বামী জয়নাল হাজারী। জমিটি পতিত থাকায় সীমানা প্রাচীরের ভেতরে স্থানীয় কয়েকজন যুবক প্রায়ই মাদক সেবন করতো। সম্প্রতি ওই জমিতে সবজি চাষের উদ্দেশ্যে বাঁশ দিয়ে জমির এক পাশের অংশে বেড়া দেয়ার কাজ শুরু করেন তার স্বামী জয়নাল। শুক্রবার সন্ধ্যায় সীমানা প্রাচীরের ভেতরে জমিতে বেড়া দিতে বাধা দেয় মাদকসেবীরা। এতে উভয় পক্ষের মধ্য বাকবিতণ্ডা হয়। মাদকসেবনকারী শেখ ফরিদ একপর্যায়ে তার স্বামী জয়নাল হাজারীকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে তা লক্ষভ্রষ্ট হয়ে পাশে থাকা তার পায়ে বিদ্ধ হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ ঘটনায় স্থানীয়রা আতংকে রয়েছে।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক আসিফ জানান, পায়ে গুলিবিদ্ধ অবস্থায় মনোয়ারা বেগমকে হাসপাতালে নিয়ে আসে স্বজনেরা। গুলিটি তার পায়ের ভেতরে হাড়ের কাছাকাছি অবস্থান করছে। উন্নত চিকিৎসার জন্য গুলিবিদ্ধ নারীকে ঢাকা বা ময়মনসিংহে নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি) মোহাম্মদ নাচির আহমেদ বলেন, অভিযুক্তকে আটক ও ঘটনাটি তদন্তে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।