নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের আলোকদিয়া গ্রামে তিন মাসের নবজাতক সন্তান সাবিহা নূর তাবাসসুমকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে শিশুটির মা আরিফা খাতুনকে (৩০) আটক করেছে পুলিশ।
তাবাসসুম কুয়েতপ্রবাসী নড়াইল সদরের আড়ংগাছা গ্রামের চান মানিক মোল্যার মেয়ে। তাবাসসুমের মা আরিফা প্রায় এক মাস আগে শ্বশুরবাড়ি আড়ংগাছা থেকে বাবার বাড়ি আলোকদিয়া গ্রামে আসেন।
ভুক্তভোগী পরিবার জানায়, আলোকদিয়া গ্রামের খায়রুল বিশ্বাসের মেয়ে আরিফা খাতুন বুধবার রাতের খাবার খেয়ে তার সন্তান তাবাসসুমকে নিয়ে ঘুমিয়ে পড়েন। এরপর বৃহস্পতিবার সকালে জানাজানি হয় আরিফা তার মেয়েকে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করেছে। খবর পেয়ে শ্বশুরবাড়ির লোকজন আরিফার বাবার বাড়ি আলোকদিয়া আসেন।
তবে কী কারণে আরিফা তার শিশুকে হত্যা করেছে, তা তদন্ত করছে পুলিশ।
নিহত তাবাসসুমের চাচা শামীম মোল্যা বলেন, বৃহস্পতিবার সকালে ভাতিজি তাবাসসুমকে হত্যার খবর শুনে আমরা আলোকদিয়া গ্রামে এসেছি। কি কারণে তাবাসসুমকে হত্যা করা হয়েছে, তা এখনো উদঘাটন হয়নি।
অভিযুক্ত আরিফার কারোর সাথে পরকীয়া আছে কিনা, বিষয়টি নিয়ে শ্বশুরবাড়ির লোকজন মুখ খোলেননি। তবে আরিফার বাবার বাড়ির লোকজন দাবি করেন, আরিফা কয়েকদিন ধরে মানসিকভাবে বিষণ্ন ছিলেন।
নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান বলেন, ‘শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ হত্যায় জড়িত সন্দেহে শিশুটির মা আরিফা খাতুনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। আরিফা খাতুনের পরকীয়ার কোনো সংশ্লিষ্টতা আছে কিনা এ প্রশ্নে তিনি বলেন, এ বিষয়ে এখনো কিছু বলা যাচ্ছে না। তদন্ত করে দেখা হবে।’



