চৌগাছায় রাস্তার সংস্কার কাজ দ্রুত শেষ করার দাবিতে মানববন্ধন

যশোরের চৌগাছায় রাস্তা সংস্কার কাজের ঠিকাদার রাস্তা খুঁড়ে কাজ শেষ না করায় বিপাকে পড়েছেন ২৫ গ্রামের মানুষ। এ রাস্তাটি দ্রুত সংস্কারকাজ করার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

এম এ রহিম, চৌগাছা (যশোর)

Location :

Chaugachha
চৌগাছায় রাস্তার সংস্কার কাজ দ্রুত শেষ করার দাবিতে মানববন্ধন
চৌগাছায় রাস্তার সংস্কার কাজ দ্রুত শেষ করার দাবিতে মানববন্ধন |নয়া দিগন্ত

যশোরের চৌগাছায় রাস্তা সংস্কার কাজের ঠিকাদার রাস্তা খুঁড়ে কাজ শেষ না করায় বিপাকে পড়েছেন ২৫ গ্রামের মানুষ। এ রাস্তাটি দ্রুত সংস্কারকাজ করার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে স্বরুপদাহ ইউনিয়নবাসীর পক্ষ থেকে এ মানববন্ধন করা হয়।

উপজেলা এলজিইডির অফিস সূত্রে জানা যায়, চৌগাছা-মহেশপুর সড়কের বেলেমাঠ জামেদের বটতলা থেকে স্বরুপদাহ হাফিজিয়া মাদ্রাসা পর্যন্ত আড়াই কিলোমিটার রাস্তা সংস্কার কাজ চলমান। এ কাজটি মেসার্স লাখি ট্রেডার্সের মালিক হাবিবুর রহমান হাবিব পেয়েছেন। কাজটি শিডিউল অনুযায়ী ৩০ এপ্রিল শেষ করার কথা রয়েছে। এ কাজের মূল্য ধরা হয়েছে প্রায় ৭৯ লাখ টাকা। রাস্তা খুঁড়ে এজিং করে লুজ ইটের খোয়া দেয়ার পর কাজ ফেলে পালিয়েছে ঠিকাদার।

কাজ বন্ধ করে সড়ক ফেলে রাখায় হাজার হাজার মানুষের চলাচলসহ স্কুল-মাদ্রাসাগামী শিক্ষার্থী ও রোগীরা পড়েছে চরম বিড়ম্বনায়। শুকনা মৌসুম হওয়ায় ইটের গুড়া ধুলা মিশে রাস্তা চলাচলের একেবারে অনুপযোগী হয়ে পড়েছে। এক স্থানে পা রাখলে অন্য স্থানে চলে যায়। ফলে প্রতিদিন ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।

বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার বেলেমাঠ থেকে স্বরুপদাহ গ্রামের হাফিজিয়া মাদ্রাসা পর্যন্ত ২.৫০ কিলোমিটার পাকা রাস্তা সংস্কার করার জন্য ট্রাক্টর দিয়ে পিচ তুলে দেওয়া হয়েছে। এরপর রাস্তার দুধারে ইট দিয়ে এজিং করে লুজ ইটের খোয়া দেওয়া হয়েছে। কোন প্রকার রোলিং না করায় রাস্তাটি চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে।

স্বরুপদাহ গ্রামের জাহাঙ্গীর আলম বলেন, এ এলাকার অধিকাংশ মানুষ কৃষির ওপর নির্ভরশীল। কৃষিকাজ করে আমরা আমাদের জীবিকা নির্বাহ করি। কয়েকদিন পর ইরি ধান কাটা শুরু হবে। এ সড়ক দিয়ে ক্ষেত থেকে ধান আনা এবং হাটে বিক্রির জন্য নিয়ে যাওয়া ছাড়া বিকল্প কোনো পথ নেই।

স্বরুপদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল কদর জানান, ঠিকাদারি প্রতিষ্ঠানকে বারবার তাগিদ দেয়া সত্ত্বেও তারা কাজ শেষ করছেন না।

ঠিকাদার হাবিবুর রহমান হাবিব বলেন, এ কাজটিতে আমার অনেক টাকা লোকসান যাচ্ছে। তাই কাজ শেষ করতে দেরি হচ্ছে।

চৌগাছা এলজিইডির নির্বাহী প্রকৌশলী সিদ্ধার্থ কুমার কুন্ডু বলেন, ঠিকাদারকে কাজ শুরু করতে বলা হয়েছে। দ্রুত কাজ শুরু হবে।