বোয়ালমারী (ফরিদপুর) সংবাদদাতা
ফরিদপুর-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য প্রফেসর ড. মো: ইলিয়াস মোল্লা ক্রমান্বয়ে সব প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন সাধনের অঙ্গীকার ব্যক্ত করেছেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ফরিদপুরের বোয়ালমারীর ছোলনা সালামিয়া বহুমুখী কামিল মাদরাসার ভবন ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
মো: ইলিয়াস মোল্লা বলেন, ‘শিক্ষার গুণগত মান উন্নয়নে অবকাঠামোগত উন্নয়ন অপরিহার্য।’
তিনি মাদরাসার শিক্ষা কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। এছাড়া ক্রমান্বয়ে সব প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন সাধনের অঙ্গীকার করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এস এম রকিবুল হাসান, ছোলনা সালামিয়া বহুমুখী কামিল মাদরাসার গভর্নিং বডির সহ-সভাপতি মো: গিয়াসউদ্দিন বেনু। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো: আব্দুস সালাম মিয়া।
অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা মাদরাসার উন্নয়নে সংসদ সদস্যের সার্বিক সহযোগিতা কামনা করেন এবং মাদরাসার ভবিষ্যৎ সমৃদ্ধির জন্য দোয়া করেন।



