লিডিং ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের আয়োজনে সিলেট বিভাগের বিভিন্ন মাদরাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও শিক্ষাবিদদের নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রাগীব আলী ভবনের গ্যালারি-১ এ অনুষ্ঠিত মতবিনিময় অনুষ্ঠানে লিডিং ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন ইসলামী জ্ঞান বিকাশে লিডিং ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে উল্লেখ করে বলেন, একাডেমিক বিষয়ের বাইরেও ইসলামিক স্টাডিজ মানবজীবনের নৈতিক, পারিবারিক, সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নের পূর্ণাঙ্গ দিকনির্দেশনা প্রদান করে।
মতবিনিময় অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করার জন্য সিলেটের সুপ্রতিষ্ঠিত বিভিন্ন মাদরাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও শিক্ষাবিদদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরো বলেন, সবার সহযোগিতা এ বিভাগকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্বতঃস্ফূর্তভাবে পরামর্শ প্রদান এবং সম্মিলিত সহযোগিতার আশ্বাস দেয়ার জন্য তিনি উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
নৈতিক শিক্ষার মূল্যায়নে ইসলামী শিক্ষার বিকল্প নেই উল্লেখ করে লিডিং ইউনিভার্সিটিতে ইসলামিক স্টাডিজ বিষয়ে উচ্চতর শিক্ষার সুযোগ করে দেয়ার জন্য তিনি লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. সৈয়দ রাগীব আলীকে ধন্যবাদ জানান।
বিভাগের পরিচিত তুলে ধরে ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ জিয়াউর রহমান বলেন, সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগ ২০১৫ সাল থেকে এ পর্যন্ত ৬০০ শিক্ষার্থীকে ইসলামী অর্থনীতি ও ব্যাংকিং এর ওপর অনার্স ও মাস্টার্স ডিগ্রি প্রদান করেছে। বিভিন্ন ধর্মের শিক্ষার্থীরা এখান থেকে কম খরচে ডিগ্রি পেয়েছেন। তিনি এ বিভাগের উত্তরোত্তর উন্নতির জন্য আজকের এই মতবিনিময় অনুষ্ঠানে আমন্ত্রিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
মতবিনিময় সভায় বক্তব্য দেন সিলেট সরকারি আলিয়া মাদরাসার প্রিন্সিপাল প্রফেসর মাহমুদুল হাসান, সৎপুর কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা সালেহ আহমদ, ঝিঙ্গাবাড়ী ফাজিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা হাফিজুর রহমান, গোবিন্দগঞ্জ ফাজিল মাদরাসার অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল আব্দুস সালাম মাদানী। বারহাল ডিগ্রি কলেজের প্রিন্সিপাল মো. শফিকুল ইসলাম, কামাল বাজার ফাজিল মাদরাসার প্রিন্সিপাল মো. কামরুজ্জামান, রাগীব-রাবেয়া ডিগ্রি কলেজের প্রিন্সিপাল অরবিন্দু কুমার দাস, সিলেট আইডিয়াল কলেজের প্রিন্সিপাল আবুল হুসেন, শাহাজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা ফয়জুল্লাহ বাহার, শাহজাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা রেদাউল করীম প্রমুখ।
এতে আরো উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির ছাত্রকল্যাণ উপদেষ্টা প্রফেসর ডা. মো. আব্দুল মজিদ মিয়া, ট্রাস্টি বোর্ডের সচিব ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান, পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ কবির আহমেদ, ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফজলে এলাহি মামুন, ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক আবুল কালাম আজাদসহ শিক্ষক-কর্মকর্তারা।



