প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট নিরসনে সমন্বিতভাবে কাজ করবে প্রশাসন

‘ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের দুর্ভোগ কমাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও স্বেচ্ছাসেবকদের নিয়ে যানজটমুক্ত মহাসড়ক নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করা হবে। এছাড়া কোরবানির পশুর হাট বসানো নিয়েও প্রশাসন প্রয়োজনীয় নির্দেশনা দেবে।’

নয়া দিগন্ত অনলাইন
কথা বলছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতানা সালাউদ্দিন টুকু
কথা বলছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতানা সালাউদ্দিন টুকু |সংগৃহীত

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে যমুনা সেতু-ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট নিরসনে প্রশাসন ও স্বেচ্ছাসেবক দল সমন্বিতভাবে কাজ করবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতানা সালাউদ্দিন টুকু।

তিনি বলেন, ‘ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের দুর্ভোগ কমাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও স্বেচ্ছাসেবকদের নিয়ে যানজটমুক্ত মহাসড়ক নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করা হবে। এছাড়া কোরবানির পশুর হাট বসানো নিয়েও প্রশাসন প্রয়োজনীয় নির্দেশনা দেবে।’

শুক্রবার (১৫ মে) দুপুরে টাঙ্গাইল শিশু একাডেমি মিলনায়তনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসবের অনুষ্ঠানে যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, যমুনা সেতু-ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক উত্তরবঙ্গগামী যাত্রীদের অন্যতম প্রধান পথ হওয়ায় ঈদের সময় প্রতি বছর অতিরিক্ত যানবাহনের চাপ সৃষ্টি হয়। এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে আগাম প্রস্তুতি নেয়া হচ্ছে। বিশেষ করে এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত ১৩ কিলোমিটার এলাকায় বিশেষ নজরদারি রাখা হবে।

এ সময় জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আজিম উদ্দিন বিপ্লবসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। বাসস