সাভারের হেমায়েতপুরে টিফিন খেতে স্কুল আঙ্গিনার বাইরে বের হওয়া এক ছাত্রীকে মারধর করার অভিযোগ ওঠেছে এক বখাটের বিরুদ্ধে। পরে আশপাশের লোকজন তাকে আটক করে পুলিশে দিয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) দুপুরে তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজ ফুলবাড়িয়ায় গ্লোরিয়াস হাইস্কুল এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী হলো ওই স্কুলের নবম শ্রেণির ছাত্রী মোসাম্মৎ আফ্রিদা (১৪)। সে সাভারের শোভপুরের প্রবাসী মো: আলমগীর হোসেনের মেয়ে। আর অভিযুক্ত যুবক পারভেজ (৩২) ধামরাই উপজেলার বাসনা গ্রামের চান্দু মিয়ার ছেলে।
জানা যায়, আফ্রিদা বুধবার দুপুরে স্কুলের টিফিন খাওয়ার সময় স্কুল আঙ্গিনা থেকে বের হয়ে সড়কে গেলে পারভেজ লোকজনের সামনেই তাকে এলোপাতাড়ি কিলঘুষি ও মারধর করতে থাকে। বিষয়টি দেখে আশপাশের লোকজন পারভেজকে আটক করে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দিলে থানা পুলিশ তাকে আটক করে।
আহত ছাত্রী আফ্রিদাকে সাভার থানা রোডের একটি বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাভারের ট্যানারি ফাঁড়ি ইনচার্জ (পরিদর্শক) মোহাব্বত কবির নয়া দিগন্তকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘যুবকটি নেশাগ্রস্ত, বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।’



