সিলেট মহানগর এলাকায় অপরাধ কর্মকাণ্ড দমন ও অপরাধীদের গ্রেফতারে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অ্যাকশন অব্যাহত রয়েছে। গত ৩২ ঘণ্টায় নগরী থেকে বিভিন্ন মামলা ও অপরাধে আরো ১০০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি, নিয়মিত মামলার আসামি ও মাদককারবারি রয়েছেন। এ সময় ১২২ যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
এর আগের ৩২ ঘণ্টায় নগরী থেকে ৬৬ জনকে আটক করেছিল পুলিশ।
এসএমপি সূত্রে জানা গেছে, নগরজুড়ে গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি, নিয়মিত মামলার আসামি, মাদককারবারি ও চোরাচালানকারীসহ সর্বমোট ৪১ জনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দিবাগত রাত ১২টা থেকে বুধবার দিবাগত রাত ১২টা পর্যন্ত মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে তাদের গ্রেফতার করা হয়। এরমধ্যে নিয়মিত মামলার চার আসামি, চারজন ওয়ারেন্টভুক্ত আসামি, দু’জন মাদককারবারি, দু’জন জুয়াড়ি, একজন সন্দেহভাজন আসামি রয়েছেন।
এ সময় নগরীর বিভিন্ন এলাকা থেকে মেট্রোপলিটন অধ্যাদেশ অনুযায়ী আরো ২৮ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া নগরী থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় অভিযানে বিভিন্ন ধরনের ৪৮টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের ও ৭৪টি যানবাহন আটক করা হয়।
এদিকে, বুধবার দিবাগত রাত ১২টার পর থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত পরবর্তী আট ঘণ্টায় পৃথক অভিযানে আরো ৫৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে সাতজন নিয়মিত মামলার আসামি, একজন ওয়ারেন্টভুক্ত আসামি, ১০ জন মাদকসেবী, একজন চোর সন্দেহে, ৩৮ জন সন্দেহভাজন আসামি এবং একজন ছিনতাইকারী রয়েছেন। এ সময় মেট্রোপলিটন অধ্যাদেশ অনুযায়ী আরো একজনকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার এর সত্যতা নিশ্চিত করে এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মঞ্জুরুল আলম বলেন, ‘সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।’
নগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এসএমপির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।



