বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, বিএনপি সরকার সংসদে সংখ্যাগরিষ্ঠতার ক্ষমতা অপব্যবহার করে জনগণের পবিত্র রায়কে অবজ্ঞা করছে। সরকারের এ একগুঁয়ে ও জনবিমুখ অবস্থান আধিপত্যবাদী শক্তির ইশারায় নব্য ফ্যাসিবাদ কায়েমের অপচেষ্টা বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, ১১ দলীয় ঐক্য সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে ‘হ্যাঁ’ ভোটের ম্যান্ডেট বাস্তবায়ন করেই ছাড়বে, ইনশাআল্লাহ।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গণে জামালখানে চট্টগ্রাম মহানগরীর ১১ দলীয় ঐক্যের উদ্যোগে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে জুলাই সনদের সাংবিধানিক মর্যাদা নিশ্চিত করতে হবে। তিনি উল্লেখ করেন, ১৯৭২ সালের সংবিধান প্রণয়নের জন্য ১৯৭০ সালের নির্বাচিত ন্যাশনাল ও প্রভিন্সিয়াল সদস্যদের নিয়ে যেমন ‘গণপরিষদ’ গঠন করা হয়েছিল, তেমনি ১২ ফেব্রুয়ারি নির্বাচিত সংসদ সদস্যদের দিয়েই ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠন করা হয়েছে। তিনি বলেন, ডকট্রিন অব নেসেসিটির আলোকে এ উদ্যোগকে গ্রহণ করা প্রয়োজন।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, মহানগরীর সহকারী সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, সাংগঠনিক সম্পাদক ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম লুৎফর রহমান এবং মহানগরীর কর্মপরিষদ সদস্য হামেদ হাসান ইলাহী ও আমির হোসাইন।
এ সময় উপস্থিত ছিলেন মহানগরীর সাংগঠনিক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান, কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল, খুলশী থানা আমির অধ্যাপক আলমগীর ভূঁইয়া এবং জাগপার নেতা মুহাম্মদ হারুনুর রশিদসহ অন্যান্য নেতাকর্মীরা।



