পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতা
রাজশাহীর পুঠিয়ায় পুকুর থেকে পার্থ (৪) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পরিবার।
শুক্রবার (১০ এপ্রিল) ভোর ৪টার দিকে উপজেলার রাজবাড়ীর রানীর ঘাট থেকে লাশটি উদ্ধার করা হয়।
জানা যায়, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে পুঠিয়ার রাজবাড়ীর রানীর ঘাটের পুকুরে পা পিছলে পড়ে যায় পার্থ। রানীর ঘাট সংলগ্ন শিশু পার্কের পাশে তার বাড়ি। পুকুরের গভীর পানিতে তাকে খুঁজে না পেয়ে পরিবারের লোকজন পুঠিয়া ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের লোকজন পার্থকে খুঁজে পেতে ব্যর্থ হয়ে ফিরে যান। শুক্রবার ভোর ৪টার দিকে পুকুরে তার লাশ ভেসে উঠলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে।
পার্থর বাবা সুজন কুমার দাস জানান, বৃহস্পতিবার দুপুরে তার ছেলে খেলার ছলে পা পিছলে রানীর ঘাটে পড়ে গভীর পানিতে তলিয়ে যায়। ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে পার্থকে খুঁজে পেতে ব্যর্থ হন। এক পর্যায়ে শুক্রবার ভোর ৪টার দিকে পুকুরে তার লাশ ভেসে থাকতে দেখে তারা তাকে উদ্ধার করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, ‘ঘটনাটি আমরা জানতে পেরেছি। পুকুরে ডুবে পার্থের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।’



