সোনারগাঁওয়ে ডাকাত হামলায় সুতা ব্যবসায়ী নিহত

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: গোলাম সারোয়ার বলেন, ঘটনাটি প্রাথমিকভাবে ডাকাতির বলে মনে হলেও এতে রহস্যের সৃষ্টি হয়েছে। পুলিশ দু’টি দিক বিবেচনায় নিয়ে তদন্ত করছে। আহত নারীর ভাষ্যমতে একজনকে আটক করা হয়েছে।

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

Location :

Sonargaon
সোনারগাঁওয়ে সংঘবদ্ধ ডাকাত দলের হামলায় নিহত নজরুল ইসলাম (৫২)
সোনারগাঁওয়ে সংঘবদ্ধ ডাকাত দলের হামলায় নিহত নজরুল ইসলাম (৫২) |নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সংঘবদ্ধ ডাকাত দলের হামলায় নজরুল ইসলাম (৫২) নামের এক সুতা ব্যবসায়ী নিহত হয়েছেন।

বুধবার দিবাগত রাতে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মুক্তিশপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় নিহতের স্ত্রী শাহানূর বেগমকে শ্বাসরোধ ও পিটিয়ে আহত করা হয়। তিনি বর্তমানে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত নজরুল ইসলাম মুক্তিশপুর গ্রামের গাজী মিয়ার ছেলে। ঘটনার পর সোনারগাঁও থানার ওসি মো: গোলাম সারোয়ারসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একই এলাকার আবুল হাসেমের ছেলে উজ্জ্বলকে আটক করেছে পুলিশ।

নিহতের স্ত্রী শাহানূর বেগম জানান, রাত সাড়ে ১২টার দিকে পাঁচ থেকে সাতজনের একটি সংঘবদ্ধ ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাড়িতে প্রবেশ করে। তারা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে যাওয়ার সময় স্বামী-স্ত্রীকে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে। ডাকাতরা চলে যাওয়ার পর তার চিৎকারে স্থানীয়রা এসে নজরুল ইসলামকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি দাবি করেন, ডাকাতরা প্রায় ৬০ হাজার টাকা ও ৫ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা জানায়, নিহত নজরুল ইসলাম স্ত্রী ও ছেলের স্ত্রীকে নিয়ে ওই বাড়িতে বসবাস করতেন। ছেলে সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ার পর ছেলের স্ত্রী তাদের সাথেই থাকেন।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: গোলাম সারোয়ার বলেন, ঘটনাটি প্রাথমিকভাবে ডাকাতির বলে মনে হলেও এতে রহস্যের সৃষ্টি হয়েছে। পুলিশ দু’টি দিক বিবেচনায় নিয়ে তদন্ত করছে। আহত নারীর ভাষ্যমতে একজনকে আটক করা হয়েছে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক সাঈদ জানান, ঘটনাটি ডাকাতি নাকি অন্য কিছু- তা খতিয়ে দেখা হচ্ছে।