আতিকুর রহমান, ঝালকাঠি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও ১১ দলীয় জোট প্রধান ডা: শফিকুর রহমান আগামী শুক্রবার (৬ ফেব্রুয়ারি) একটি নির্বাচনী জনসভায় যোগ দিতে ঝালকাঠি আসবেন। তার আগমনকে কেন্দ্র করে দলটিসহ জোটের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার অংশ হিসেবে ১১ দলীয় নির্বাচনী ঐক্যজোট ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার দুপুর আড়াইটায় এই জনসভার আয়োজন করেছে। সেখানে প্রধান অতিথির ভাষণ দেবেন ডা: শফিকুর রহমান।
জনসভায় জোটের অন্য শরীকদলের নেতৃবৃন্দ জনসভায় বক্তৃতা করবেন।
জামায়াত আমিরের ঝালকাঠি সফর উপলক্ষে সোমবার বিদ্যালয় মাঠ পরিদর্শন করেছেন সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজজম হোসেন হেলাল, জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় শুরা সদস্য অ্যাডভোকেট হাফিজুর রহমান, ঝালকাঠি-২ আসনের প্রার্থী শেখ নেয়ামুল করীমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশ সফল করতে জামায়াতের জেলা ও উপজেলা শাখার নেতাকর্মীরা নিরলসভাবে কাজ করছেন। স্বল্প সময়ের মধ্যে আয়োজন সম্পন্ন করতে বিরামহীন প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন তারা।
জামায়াতের জেলা আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান বলেন, ‘জামায়াত আমিরের আগমন উপলক্ষে আমাদের ব্যাপক প্রস্তুতি চলছে। এই জনসভা ঝালকাঠিতে নতুন ইতিহাস সৃষ্টি করবে। আমরা আশা করছি আমাদের কয়েক লাখ নেতাকর্মী জনসভায় যোগ দিবেন।
এছাড়া জোটের শরীকদলের নেতাকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ এতে অংশ নিবেন।
ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষে দলমত নির্বিশেষে সবাইকে সমাবেশে যোগ দেয়ার আহ্বান জানান তিনি।



