সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ২ কৃষকের মৃত্যু

নাটোরের সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পৃথক স্থানে দুই কৃষকের মৃত্যু হয়েছে।

সিংড়া (নাটোর) সংবাদদাতা

Location :

Natore
প্রতীকী ছবি

নাটোরের সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পৃথক স্থানে দুই কৃষকের মৃত্যু হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) ও সোমবার এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার চৌগ্রাম ইউনিয়নের নিমাকদমা গ্রামের মরহুম সুকুমারের ছেলে সুমন কুমার (৩৫) এবং চামারী ইউনিয়নের মহিষমারী কাচারীপাড়ার শহিদ মোল্লার ছেলে সজল মোল্লা (২৪)।

বিদ্যুৎচালিত সেচ মোটরে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাদের মৃত্যু হয় বলে জানা গেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সজল মোল্লা সোমবার সকাল ৮টায় তার বসতবাড়ির পাশে ফসলি জমিতে সেচ মোটরে সংযোগ দিতে গিয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপরদিকে, রোববার সন্ধ্যায় সুমন বাড়ির পাশে তার লিজকৃত পুকুরে পানি সেচের জন্য বিদ্যুৎচালিত মোটরে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে আহত হন। তাকেও উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘এই ঘটনায় থানায় দু’টি পৃথক অপমৃত্যু মামলা করা হয়েছে।’