মিরসরাইয়ে ঐতিহ্যবাহী বলীখেলায় মানুষের ঢল

শনিবার (৪ এপ্রিল) বিকেলে উপজেলার ইছাখালীর চরাঞ্চলে পুরাতন বেড়িবাঁধ সংলগ্ন জমিতে টেকেরহাট যুব সমাজের উদ্যোগে এ বলীখেলা অনুষ্ঠিত হয়।

Location :

Mirsharai
মিরসরাইয়ের ইছাখালীর চরাঞ্চলে পুরাতন বেড়িবাঁধের পাশে অনুষ্ঠিত হয় বলীখেলা
মিরসরাইয়ের ইছাখালীর চরাঞ্চলে পুরাতন বেড়িবাঁধের পাশে অনুষ্ঠিত হয় বলীখেলা |নয়া দিগন্ত

মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের মিরসরাইয়ে হয়ে গেল ঐতিহ্যবাহী বলীখেলা। চট্টগ্রামের ঐতিহ্য এ বলীখেলা দেখতে প্রায় ৫০ হাজার দর্শকের সমাগম ঘটে।

শনিবার (৪ এপ্রিল) বিকেলে উপজেলার ইছাখালীর চরাঞ্চলে পুরাতন বেড়িবাঁধ সংলগ্ন জমিতে টেকেরহাট যুব সমাজের উদ্যোগে এ বলীখেলা অনুষ্ঠিত হয়।

ছোট, মাঝারি ও বড়দের বলীখেলায় শতাধিক প্রতিযোগী অংশ নেন। মিরসরাই ছাড়াও কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রামের আব্দুল জব্বারের বলীখেলায় অংশ নেয়া অসংখ্য বলী এতে অংশ নেন।

বলীখেলার প্রধান আকর্ষণ ছিলেন জব্বারের বলীখেলার ২০২৪ ও ২০২৫ সালের চ্যাম্পিয়ন বাঘা শরীফ।

খেলায় অংশগ্রহণকারীদের পুরষ্কার হিসেবে ফ্রিজ, টিভি, বাইসাইকেল, সিলিং ফ্যান, গ্যাসের চুলাসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী দেয়া হয়।

স্থানীয়রা জানায়, একসময় চরাঞ্চলসহ মিরসরাইয়ের নানা গ্রাম ও জনপদে নববর্ষকে ঘিরে জাঁকজমকপূর্ণ বলী খেলার আয়োজন হতো। গ্রামীণ জনজীবনে বলীখেলা ছিল উৎসবের অন্যতম উপলক্ষ। কিন্তু সময়ের প্রবাহে সেই ঐতিহ্য অনেকটাই হারিয়ে যায়। তবে দীর্ঘ বিরতির পর মিরসরাইয়ে আবারো আয়োজন করা হয় এ ঐতিহ্যবাহী বলী খেলা। ফলে নতুন প্রজন্মের সামনে নবরূপে দেখা দেয় হারিয়ে যাওয়া এ সমৃদ্ধ সংস্কৃতি।

খেলায় অংশ নেয়া কুমিল্লা থেকে আসা শাহজালাল বলী জানান, আমি অনেক বছর ধরে বলীখেলায় অংশ নিয়ে আসছি। আমার অনেক শিষ্য দেশের বিভিন্ন প্রান্তে বলী খেলায় নিয়মিত অংশ নেয়। আজকের খেলায় অংশ নিয়ে বাইসাইকেল জেতায় ভালো লাগছে।

আরেক প্রতিযোগী বাদশা বলী বলেন, একসময় নিয়মিত বলীখেলায় অংশ নিতাম, তবে দীর্ঘদিন ধরে পেশাগত কারণে প্রবাসে থাকায় খেলা মিস করেছি। এবার দেশে অবস্থান করার কারণে খেলার সুযোগ পেয়ে খুবই ভালো লাগছে।

ষাটোর্ধ্ব বলি জামাল উদ্দিন বলেন, ‌আমি এক সময় পুরো উপজেলাজুড়ে বলীখেলায় অংশ নিয়েছি। এখন বয়সের কারণে সম্ভব হয় না। আগের মতো খেলাও হয় না। কোথাও বলীখেলা হচ্ছে শুনলে ছুটে যাই। আজ টেকেরহাট এসে অনেক ভালো লাগছে। হাজার হাজার মানুষের উপস্থিতিতে যেন আগের বলীখেলায় ফিরে গেলাম।

বলীখেলার আয়োজক কমিটির আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমান ও সদস্য সচিব মীর হোসেন রাহাত জানান, এ যাবতকালের সবচেয়ে বড় বলীখেলার আয়োজন ছিল এটি। গ্রামীণ ঐতিহ্যের এ খেলার আয়োজনে আমরা সম্পৃক্ত হতে পেরে ধন্য মনে করছি। ভবিষ্যতেও এমন আয়োজনের উদ্যোগ গ্রহণ করব। খেলা দেখতে বিভিন্ন জেলা ও উপজেলার প্রায় ৫০ হাজার দর্শকের সমাগম ঘটে। এতে শতাধিক বলী এতে অংশ নেন।

ইছাখালী ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মঞ্জুরুল হক মঞ্জু বলেন, ইছাখালীতে ঐতিহ্যগতভাবে বলীখেলা অনুষ্ঠিত হয়ে আসছিল। বিগত কয়েক বছর বন্ধ থাকার পর আবারো শত বছরের গ্রামীণ জনপদের জনপ্রিয় এ খেলার আয়োজন করা হয়েছে।

বলীখেলায় মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজামউদ্দিন, জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মাসুকুল আলম সোহান, ইছাখালী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আবু নোমান, সাবেক সদস্য সচিব মনজুরুল হক মঞ্জু, সাবেক যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম চৌধুরী, যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।